ঢাকায় মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে রাজধানীর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে থামছে মেট্রো। এর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬টি স্টেশনের সবগুলোই চালু হলো।
এর আগে, গত ১৩ ডিসেম্বর থেকে ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হয়। বছরের শেষ দিনে চালু হলো আরও দুটি স্টেশন।
ডিটিএমসিএল সূত্রে জানা গেছে, বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। তবে আগামী ৬ জানুয়ারি থেকে এই রুটে রাত পর্যন্ত মেট্রোরেল চলতে পারে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
যানজট কমিয়ে মানুষের যাতায়াত সহজ করার লক্ষ্যে রাজধানী ঢাকাতে মেট্রোরেল নির্মানের উদ্যোগ নেয় সরকার। উড়াল- পাতাল মিলিয়ে মোট ৫টি প্রজেক্টে এই উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করা হয়। আর উদ্যোগের শুরু হয় এমআরটি লাইন-৬ এর হাত ধরে। এমআরটি লাইন-৬ এর আওতায় উত্তরা থেকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার রেলপথ নির্মানের কথা ছিল প্রাথমিক পরিকল্পনায়। পরে তা সংশোধন করে কমলাপুর পর্যন্ত টেনে নেওয়া হয়। ফলে পথের দূরত্ব দাঁড়ায় ২১ দশমিক ২৬ কিলোমিটারে।
আজ কারওয়ান বাজার ও শাহাবাগ স্টেশন চালু হওয়ার পর বাকি থাকবে শুধু কমলাপুর স্টেশন। ডিএমটিসিএল সূত্র বলছে, ২০২৫ সালের মধ্যে ওই অংশের কাজ শেষ হচ্ছে।
২০১২ সালের জুলাইয়ে মেট্রোরেল প্রকল্প গ্রহণ করে সরকার। এ প্রকল্পের প্রাথমিক বাস্তবায়নের সময় ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। পরে সময় বাড়ানো হয়। এমআরটি লাইন-৬ প্রকল্পটি ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
মেট্রোরেলের উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মোট ১৭টি স্টেশন রয়েছে। এগুলো হলো- উত্তরা-উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর। এর মধ্যে কমলাপুর বাদে বাকি সবগুলো স্টেশন চালু হয়ে গেল। কমলাপুর স্টেশনটি ২০২৫ সাল নাগাদ চালু হওয়ার কথা রয়েছে।
দিনে ১ লাখ ৩০ থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলের ট্রেনে ভ্রমণ করেন। গত বৃহস্পতিবার এ তথ্য জানান মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন আগের মতোই সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আগামী তিন মাসের মধ্যে এই অংশে ট্রেন দিয়াবাড়ি-আগারগাঁও অংশের মতো রাত পর্যন্ত চলবে।