দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থে শুকিকে ছাড়ল ফর্টিস

স্পোর্টস রিপোর্টার

খেলা

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আপাতত ইতি টানছেন জাতীয় দলের জাপানি বংশোদ্ভূত উইঙ্গার শুকি ইতোফুসা। আরও উন্নত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো লিগে খেলার

2026-11-24T18:09:52+00:00
2026-11-24T19:29:38+00:00
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
খেলা
দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থে শুকিকে ছাড়ল ফর্টিস
স্পোর্টস রিপোর্টার
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:০৯ পিএম  আপডেট: ২৪.১১.২০২৬ ৭:২৯ পিএম
সংগৃহীত ছবি

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আপাতত ইতি টানছেন জাতীয় দলের জাপানি বংশোদ্ভূত উইঙ্গার শুকি ইতোফুসা। আরও উন্নত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো লিগে খেলার লক্ষ্য নিয়ে ফর্টিস এফসির সঙ্গে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে দেশের ফুটবল কিংবা জাতীয় দল থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। বরং বিদেশের মাটিতে নিজেকে আরও পরিণত করে লাল-সবুজের জার্সিতে বাংলাদেশের সাফল্যে অবদান রাখতে চান এই উইঙ্গার।

বাংলাদেশ ফুটবল লিগের চলতি মৌসুমে মাত্র পাঁচ রাউন্ডের খেলা হয়েছে। এর মধ্যেই ফর্টিস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শুকি। ক্লাবটির সঙ্গে তাঁর এক বছরের চুক্তি থাকলেও উন্নত ফুটবল পরিবেশে খেলার আগ্রহকে প্রাধান্য দিয়ে তাঁকে ছাড়তে রাজি হয়েছে কর্তৃপক্ষ। ক্লাব ছাড়ার পেছনে কোনো ধরনের মনোমালিন্য বা তিক্ততা নেই বলেও স্পষ্ট করেছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘ পাঁচ বছর পর ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ঘরোয়া ফুটবল। ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মধ্যকার ম্যাচটি গ্যালারিতে বসেই দেখতে হয়েছে শুকিকে। কুঁচকির চোটের কারণে মাঠে নামতে পারেননি তিনি। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও বাংলাদেশ জাতীয় দলের প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরেন এই ফুটবলার।

শুকির লক্ষ্য আরও উঁচু মানের কোনো লিগে খেলে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানো। তাঁর বিশ্বাস, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল পরিবেশে নিয়মিত খেলার সুযোগ পেলে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি জাতীয় দলকেও আরও ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারবেন।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে শুকি বলেন, ‘নিজের কথা বললে, একটি শীর্ষ লিগে উচ্চ পর্যায়ে ফুটবল খেলার ইচ্ছা আমারও রয়েছে। জাতীয় দলের হয়ে আরও ভালো করতে এবং লাল-সবুজের জার্সিতে নিজেকে মেলে ধরতে আমি অন্য একটি লিগে কঠোর পরিশ্রম করতে চাই, যেন বাংলাদেশকে আরও জয় এনে দিতে পারি।’

শুকির এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছে ফর্টিস এফসি। মৌসুমের শুরুতে দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে হারানো ক্লাবটির জন্য বড় ক্ষতি হলেও তাঁর ক্যারিয়ার ও জাতীয় দলের স্বার্থকে গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও তাঁকে আটকে রাখতে চায়নি ক্লাবটি।

ফর্টিসের ক্লাব প্রেসিডেন্ট শাহীন হাসান বলেন, শুকি তাঁদের জানিয়েছেন, আরও উন্নত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেশের লিগে খেলে নিজের মান বাড়াতে চান। পরবর্তী সময়ে বাংলাদেশে ফিরে জাতীয় দলের হয়ে আরও ভালো পারফরম্যান্স করাই তাঁর উদ্দেশ্য। এক বছরের চুক্তি থাকায় তাঁকে ধরে রাখার সুযোগ ছিল। তবে জাতীয় দলের বিষয়টি বিবেচনায় নিয়ে ক্লাব শুরু থেকেই দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থকে সমর্থন করেছে।

শাহীন হাসানের ভাষায়, ‘ওর সঙ্গে আমাদের এক বছরের চুক্তি ছিল, চাইলে চুক্তির বেড়াজালে আটকে রাখতে পারতাম। কিন্তু বিষয়টি যেহেতু জাতীয় দলের, তাই শুরু থেকেই আমরা দেশের ফুটবলের ভালোর পাশে আছি। দিনশেষে এটাই আমাদের সফলতা।’

এদিকে ফর্টিস ছাড়ার সিদ্ধান্ত নিলেও এখনো নতুন ক্লাব চূড়ান্ত করেননি শুকি। তাঁর পরবর্তী গন্তব্য হিসেবে থাইল্যান্ড কিংবা জাপানের শীর্ষ লিগের সম্ভাবনার কথা জানা গেছে। তবে নতুন ঠিকানা নিশ্চিত হওয়ার আগে এসব নিয়ে চূড়ান্ত কিছু বলার সুযোগ নেই।

বিদেশি লিগে নিজের সামর্থ্য প্রমাণ করে আরও সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে জাতীয় দলে ফেরাই এখন শুকির প্রধান লক্ষ্য। তাঁর এই উদ্যোগ সফল হলে ব্যক্তিগত ক্যারিয়ারের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও বাড়তি শক্তি পেতে পারে বাংলাদেশ।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: