এমএলএসে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

স্পোর্টস ডেস্ক

খেলা

যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রতিভা কাভান সুলিভান। মাত্র ১৭ বছর বয়সেই মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬

2026-11-24T16:52:00+00:00
2026-11-24T19:30:19+00:00
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
খেলা
এমএলএসে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান
১৭ বছর বয়সেই বর্ষসেরা তরুণ খেলোয়াড়, ভাঙলেন রিকার্ডো পেপির রেকর্ড
স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:৫২ পিএম  আপডেট: ২৪.১১.২০২৬ ৭:৩০ পিএম
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রতিভা কাভান সুলিভান। মাত্র ১৭ বছর বয়সেই মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ মৌসুমের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। এর মধ্য দিয়ে লিগটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে এই পুরস্কার জয়ের কীর্তি গড়েছেন তিনি।

সুলিভানের বয়স এখন ১৭ বছর ৫৬ দিন। এর আগে এত কম বয়সে এই স্বীকৃতি পাননি এমএলএসের কোনো ফুটবলার। ২০২১ সালে ১৮ বছর ৩১৩ দিন বয়সে পুরস্কারটি জিতে রেকর্ড গড়েছিলেন রিকার্ডো পেপি। পাঁচ বছর পর সেই রেকর্ড ভেঙে নিজের নাম ইতিহাসের পাতায় লিখিয়েছেন সুলিভান। একই সঙ্গে ফিলাডেলফিয়া ইউনিয়নের প্রথম খেলোয়াড় হিসেবেও এই পুরস্কার জিতেছেন তিনি।

২০২০ সালে এমএলএসের রুকি অব দ্য ইয়ার পুরস্কারের পরিবর্তে অনূর্ধ্ব-২২ বছর বয়সী ফুটবলারদের জন্য চালু করা হয় বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি। ক্লাবের কারিগরি বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও খেলোয়াড়দের ভোটে নির্বাচিত হন এবারের বিজয়ী। ভোটের হিসাবেও প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বড় ব্যবধানে এগিয়ে ছিলেন সুলিভান। মোট ভোটের ৬৫ দশমিক ০৫ শতাংশ পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল পেয়েছেন ১০ দশমিক ৯৮ শতাংশ ভোট। একই ক্লাবের আদি মেহমেতি ৫ দশমিক ৯৮ শতাংশ ভোট পেয়ে হয়েছেন তৃতীয়।

Prodigy. Next Big Thing. USA's Cavan Sullivan Is Just Focused On Playing. |  FOX Sports

মাঠের পারফরম্যান্সই সুলিভানের এই স্বীকৃতির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। নিজের প্রথম পূর্ণাঙ্গ এমএলএস মৌসুমেই গোল করা ও সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। নিয়মিত মৌসুমে ২৯ ম্যাচে ৯টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪টি। অর্থাৎ এক মৌসুমে মোট ২৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন এই কিশোর। এমএলএসের ইতিহাসে এক মৌসুমে কিশোর খেলোয়াড়দের মধ্যে এটিই সর্বোচ্চ গোল-অবদানের রেকর্ড।

শুধু গোল বা অ্যাসিস্ট নয়, ধারাবাহিকতার দিক থেকেও নজির গড়েছেন সুলিভান। টানা ১০ ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করেছেন তিনি। এমএলএসে কিশোর ফুটবলারদের মধ্যে এমন দীর্ঘ ধারাবাহিকতা আর কারও নেই। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। মাত্র ১৭ বছর ২ দিন বয়সে এই সম্মান পেয়ে লিগটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী মাসসেরা খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েন।

ক্লাব ফুটবলের সাফল্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও দ্রুত জায়গা করে নিয়েছেন সুলিভান। গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান তিনি। পেরুর বিপক্ষে অভিষেক ম্যাচেই শুরুর একাদশে সুযোগ পান এই তরুণ। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ম্যাচের শুরু থেকে মাঠে নামার রেকর্ড গড়েন।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত আরও তিনটি ম্যাচ খেলেছেন সুলিভান। মেক্সিকোর বিপক্ষে গোল করে আন্তর্জাতিক ফুটবলেও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। গোল করার সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর ৫ দিন। এর ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হওয়ার রেকর্ডও নিজের করে নেন।

মাত্র ১৭ বছর বয়সেই এমএলএসে একের পর এক রেকর্ড গড়া, জাতীয় দলে জায়গা করে নেওয়া এবং বর্ষসেরার স্বীকৃতি পাওয়া—সব মিলিয়ে দ্রুতই যুক্তরাষ্ট্রের ফুটবলের আলোচিত মুখ হয়ে উঠেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: