চুলের রং নিয়ে প্রশ্নে মেজাজ হারালেন নেইমার

ক্রীড়া ডেস্ক

খেলা

গ্রেমিওর কাছে ২-০ গোলের পরাজয়ের পর মাঠের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের বদলে আলোচনায় উঠে আসে খেলোয়াড়দের নতুন চুলের রং। আর এ

2026-11-24T17:48:50+00:00
2026-11-24T17:48:50+00:00
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
খেলা
চুলের রং নিয়ে প্রশ্নে মেজাজ হারালেন নেইমার
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম 
সংগৃহীত ছবি

গ্রেমিওর কাছে ২-০ গোলের পরাজয়ের পর মাঠের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের বদলে আলোচনায় উঠে আসে খেলোয়াড়দের নতুন চুলের রং। আর এ নিয়েই সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সতীর্থদের চুলের রং পরিবর্তনকে আত্মতুষ্টি কিংবা ঔদ্ধত্যের প্রকাশ হিসেবে দেখার সমালোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সান্তোসের এই ফরোয়ার্ড। তাঁর মতে, চুলের রঙের সঙ্গে ফুটবলের পারফরম্যান্সের কোনো সম্পর্ক নেই।

ব্রাজিলিয়ান সিরি আতে নিজেদের মাঠ মোরুমবিআইসে গ্রেমিওর মুখোমুখি হয়েছিল সান্তোস। মৌসুমের শেষ তিন রাউন্ডের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ২-০ গোলে হেরে যায় নেইমারের দল। এই পরাজয়ে কনমেবল লিবার্তাদোরেসে খেলার যোগ্যতা অর্জনের পথও কঠিন হয়ে পড়েছে তাদের।

ম্যাচটির আগে সান্তোসের কয়েকজন ফুটবলারের নতুন চুলের রং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। নেইমারের পাশাপাশি গাবিগোল, কুতিনিয়ো, রদনেই ও আর্থারও চুলের রং পরিবর্তন করেছিলেন। দলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খেলোয়াড়দের এমন সাজসজ্জাকে সমর্থকদের একাংশ ভালোভাবে নেয়নি। তাঁদের মধ্যে কেউ কেউ বিষয়টিকে আত্মতুষ্টির বহিঃপ্রকাশ হিসেবেও দেখেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খেলোয়াড়দের চুলের রং পরিবর্তন কি তাঁদের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস কিংবা ঔদ্ধত্যের ইঙ্গিত দেয়? এমন প্রশ্নে রীতিমতো ক্ষুব্ধ হন নেইমার। নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি বলেন, চুলের রং বদলানোর সঙ্গে মাঠের পারফরম্যান্সের কোনো যোগসূত্র নেই। সবাই মিলে চুলে রং করেছেন, এতে দলের মনোযোগ কিংবা প্রস্তুতিতে কোনো প্রভাব পড়েনি।

নেইমারের ভাষায়, ‘কে বলেছে এমনটা? তারা পুরোপুরি ভুল। চুলের রং বদলালে কিছুই পরিবর্তন হয় না। আমি চুলে রং করেছি, কিন্তু এতে কোনো কিছুর ওপর প্রভাব পড়ে না। সবাই চুলে রং করেছে। এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই! আপনারা দেখেছেন, আমরা ভালো খেলেছি। এটি ছোট একটি বিষয়, যেটিকে অযথা বড় করে দেখা হচ্ছে।’

সমালোচকদের ফুটবল সম্পর্কে ধারণা নিয়েও প্রশ্ন তোলেন সান্তোসের এই তারকা। তাঁর মতে, বাইরে থেকে খেলোয়াড়দের নিয়ে মন্তব্য করা সহজ হলেও তাঁদের প্রতিদিনের পরিশ্রম, মানসিক প্রস্তুতি ও নিজেদের প্রতি কঠোর হওয়ার বিষয়গুলো সমালোচকদের জানা নেই।

নিজের চুলের রং নিয়ে আরও সরাসরি মন্তব্য করেন নেইমার। তিনি বলেন, ‘আমার চুল হলুদ, গোলাপি কিংবা সবুজ হতে পারে। তাতে কিছু যায় আসে না। আমি প্রতিটি ম্যাচেই ভালো খেলতে পারি। আজ শুধু গোল করার ক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি ছিল।’

সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হলেও ম্যাচের ফল নিয়ে নিজের বিশ্লেষণও তুলে ধরেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাঁর দাবি, বেশির ভাগ সময় সান্তোসই ভালো খেলেছে। তবে আক্রমণে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি দল। গ্রেমিওর রক্ষণাত্মক কৌশলও তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল।

নেইমারের মতে, প্রতিপক্ষ নিজেদের গোলমুখের সামনে দুই স্তরের রক্ষণ তৈরি করেছিল। ফলে সান্তোসের আক্রমণগুলো কার্যকর করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে গ্রেমিও অবনমন এড়ানোর লড়াইয়ে থাকায় জয় পেতে সর্বোচ্চ চেষ্টা করেছে। ম্যাচে নিজেদের ভুলের কারণেই শেষ পর্যন্ত মূল্য দিতে হয়েছে বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে নেইমার বলেন, অভিজ্ঞ দল হিসেবে সান্তোসের এমন ভুল করা উচিত হয়নি। প্রতিপক্ষের একটি সুযোগ থেকেই গোল হজম করতে হয়েছে তাদের। তাঁর বিশ্বাস, ওই গোলটি না হলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত এবং তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত সান্তোস।

ম্যাচের আগে গ্রেমিও-সমর্থক ইনফ্লুয়েন্সার ফারিদ জারমানোর একটি ভিডিও নিয়েও অসন্তুষ্ট ছিলেন নেইমার। ওই ভিডিওতে মোরুমবিআইসে সান্তোসকে হারানোর প্রত্যাশা জানিয়েছিলেন ফারিদ। ম্যাচ শেষে পরাজয়কে অপ্রত্যাশিত উল্লেখ করে নেইমার বুঝিয়ে দেন, নিজেদের মাঠে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল তাঁর দল। কিন্তু মাঠের লড়াইয়ে সেই প্রত্যাশা পূরণ হয়নি।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: