রাজধানীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতির সময় ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে তাঁকে আটক করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার রাতে বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়া এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে ২২টি মামলা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে নয়টি হত্যা মামলা।
চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায়ও ছিল তাঁর নাম। ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর একের পর এক হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে আলোচনায় আসেন তিনি।
একপর্যায়ে কিছুদিন সুইডেনে অবস্থান করেন আসলাম। সেখান থেকে দেশে ফেরার পর তাঁর নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়।
২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর তাঁকে বিভিন্ন কারাগারে রাখা হয়। ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে তাঁর হাজতি নম্বর ছিল ৬৬৩/২০।
পরে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান নব্বইয়ের দশকে আলোচিত এই সন্ত্রাসী।