কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

বাংলাদেশ কোস্ট গার্ডের সমুদ্রসীমায় টহল ও নজরদারি সক্ষমতা আরও বাড়াতে ইতালির সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ক্ষেত্রে আধুনিক জাহাজ

2026-11-22T14:31:07+00:00
2026-11-22T14:31:23+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
জাতীয়
কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ২:৩১ পিএম  আপডেট: ২২.১১.২০২৬ ২:৩১ পিএম
কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ কোস্ট গার্ডের সমুদ্রসীমায় টহল ও নজরদারি সক্ষমতা আরও বাড়াতে ইতালির সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ক্ষেত্রে আধুনিক জাহাজ সংগ্রহ, বিশেষায়িত প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ইতালির কোস্ট গার্ডের কমান্ড্যান্ট অ্যাডমিরাল সারজিও লিয়ারদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাক্ষাতে বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমার নিরাপত্তা জোরদারে দুই দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক উঠে আসে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে। বাহিনীর সক্ষমতা বাড়াতে ইতালি সরকারের অবদানের কথাও স্মরণ করেন তিনি।

এ সময় ইতালির নৌবাহিনীর চারটি ‘মিনার্ভা ক্লাস’ কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তরের জন্য ইতালি সরকারকে ধন্যবাদ জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে অফশোর প্যাট্রল ভেসেল হিসেবে ব্যবহৃত এসব জাহাজ বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।

ভবিষ্যতে গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়াতে জি-টু-জি পদ্ধতিতে উপযুক্ত দেশ থেকে অফশোর ও কোস্টাল প্যাট্রল ভেসেল সংগ্রহের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও কথা হয়।

প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়ের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও সাতটি বন্ধুরাষ্ট্রের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন এবং মানবপাচার প্রতিরোধ কোর্স-২০২৬’ আয়োজন করেছে। আগামী বছর এ প্রশিক্ষণ কর্মসূচিতে ইতালির কোস্ট গার্ড কর্মকর্তাদের অংশ নিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।

এ ছাড়া বাংলাদেশের কোস্ট গার্ড কর্মকর্তাদের জন্য ইতালিতে সার্চ অ্যান্ড রেসকিউ, ভিজিট, বোর্ড, সার্চ অ্যান্ড সিজার, ড্রোন পরিচালনা, মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস এবং ডেটা অ্যানালাইসিস বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করতে ইতালির সহযোগিতা কামনা করেন তিনি।

জবাবে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট সারজিও লিয়ারদো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারত্বের প্রশংসা করেন। মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস, অ্যারোস্পেস প্রযুক্তি, সার্চ অ্যান্ড রেসকিউ কার্যক্রম এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের কর্মসূচি আয়োজনের বিষয়েও উভয়পক্ষ একমত হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খানসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: