চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু এ তথ্য জানান। তিনি বলেন, নির্ধারিত দিনেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।
বোর্ডের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর মূল ফল প্রকাশের পর ১ নভেম্বর থেকে পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হয়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা। আট দিনে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
সাম্প্রতিক বছরগুলোতে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন বেড়েছে। ২০২৪ সালে ১ লাখ ৯৮ হাজার ১১৬ জন শিক্ষার্থী ৫ লাখ ৮ হাজার ১১৬টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন। ২০২৫ সালে আবেদন করেন ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী; তাঁদের আবেদন করা খাতার সংখ্যা ছিল ৪ লাখ ২৮ হাজার।
ফল জানবেন যেভাবে
পুনঃনিরীক্ষণের ফলে কোনো পরিবর্তন এলে তা জানার জন্য শিক্ষার্থীরা তিনটি পদ্ধতি অনুসরণ করতে পারবেন।
ওয়েবসাইটে: শিক্ষা বোর্ডের সমন্বিত পুনঃনিরীক্ষণ ওয়েবসাইটে (rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড ও পরীক্ষার বছর (২০২৬) দিয়ে ফল দেখা যাবে।
পিডিএফে: নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ‘HSC Re-scrutiny Changed Result 2026’ শিরোনামের পিডিএফ প্রকাশ করা হবে। সেখানে রোল নম্বর খুঁজে সংশোধিত বিষয় কোড, আগের গ্রেড ও নতুন গ্রেড জানা যাবে।
এসএমএসে: যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে—যেমন অকৃতকার্য থেকে উত্তীর্ণ হবেন বা গ্রেড বাড়বে—আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে তাঁদের স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।