শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার তাগিদ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক অবস্থান উন্নয়নের পাশাপাশি দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

2026-11-22T16:44:07+00:00
2026-11-22T16:44:07+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
জাতীয়
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার তাগিদ রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম 
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার তাগিদ রাষ্ট্রপতির
বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক অবস্থান উন্নয়নের পাশাপাশি দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

প্রতিনিধিদলে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ ও রেহানা রহমান এবং উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করে। তারা জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষা বিনিময় ও উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে এনএসইউ। বিশ্ববিদ্যালয়টির প্রায় ৯৫ শতাংশ স্নাতক বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

প্রতিনিধিদল পূর্বাচলে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের চলমান নির্মাণকাজের অগ্রগতিও তুলে ধরে। প্রায় ৪০০ বিঘা জমির ওপর নির্মিতব্য এ ক্যাম্পাসের মাধ্যমে শিক্ষা ও গবেষণার অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনার কথা জানানো হয়।

এ সময় প্রতিনিধিরা উল্লেখ করেন, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। দেশের শিক্ষার্থীদেরও সেই পরিবর্তনের সঙ্গে এগিয়ে যেতে হবে। যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব তৈরি করে এবং কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে পারে না, তা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার ওপর জোর দেন তিনি।

সাক্ষাৎকালে এনএসইউর আসন্ন ২৭তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রতিনিধিদল। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: