স্যান্ডপেপার কাণ্ডের ক্ষত ফের উসকে দিলেন খাজা

স্পোর্টস ডেস্ক

খেলা

আট বছর আগের বল বিকৃতি কেলেঙ্কারি নতুন করে আলোচনায়। সাবেক অস্ট্রেলীয় ওপেনার উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)

2026-11-12T18:37:59+00:00
2026-11-12T18:45:22+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
খেলা
স্যান্ডপেপার কাণ্ডের ক্ষত ফের উসকে দিলেন খাজা
স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ৬:৪৫ পিএম
স্যান্ডপেপার কাণ্ডে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। স্মিথ ও ওয়ার্নার এক বছর এবং ব্যানক্রফট নয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।

আট বছর আগের বল বিকৃতি কেলেঙ্কারি নতুন করে আলোচনায়। সাবেক অস্ট্রেলীয় ওপেনার উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অন্দরমহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বহুল আলোচিত ‘স্যান্ডপেপারগেট’ কাণ্ডে শুধু তিন ক্রিকেটার নয়, পুরো দলেরই দায় ছিল বলে দাবি করেছেন খাজা। তাঁর এই বক্তব্যে নতুন করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। প্রশ্ন উঠেছে, আট বছর আগে আসলে কী ঘটেছিল এবং সত্য আড়াল করা হয়েছিল কি না।

মঙ্গলবার প্রকাশিত খাজার আত্মজীবনী ‘সাবর: ফাইন্ডিং মাই ওয়ে ইন ক্রিকেট অ্যান্ড লাইফ’–এ উঠে এসেছে অস্ট্রেলীয় ক্রিকেটের সেই কলঙ্কিত অধ্যায়ের নানা অজানা তথ্য। বইয়ের ‘স্যান্ডপেপার’ শিরোনামের অধ্যায়ে খাজা দাবি করেছেন, বলের আকৃতি ও অবস্থা পরিবর্তনের পরিকল্পনা শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দলের অন্য সদস্যদেরও বিষয়টি জানা ছিল।

খাজার বর্ণনা অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা সফরের আগেই বল রিভার্স সুইং করানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দলের মধ্যে আলোচনা হয়েছিল। ডারবানে প্রথম টেস্টের আগে কোচিং স্টাফের একজন খেলোয়াড়দের বল বাতাসে সুইং করানোর জন্য প্রয়োজনীয় সবকিছু করতে বলেছিলেন বলেও দাবি তাঁর। পরে পোর্ট এলিজাবেথ টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করে বলের এক পাশ ঘষে রুক্ষ করার পরীক্ষা চালানো হয়। এতে বলের রিভার্স সুইং উল্লেখযোগ্যভাবে বেড়েছিল বলে বইয়ে লিখেছেন খাজা।

২০১৮ সালের ২৪ মার্চ কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল ঘষার সময় টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েন ব্যানক্রফট। পরে তদন্তে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে শাস্তি দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথ ও ওয়ার্নার এক বছর এবং ব্যানক্রফট নয় মাসের জন্য নিষিদ্ধ হন। সে সময় তদন্তে বাকি খেলোয়াড়দের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানানো হয়েছিল।

কিন্তু খাজার বইয়ে উঠে এসেছে ভিন্ন চিত্র। তাঁর দাবি, ড্রেসিংরুমে বিষয়টি গোপন রাখার সুযোগ ছিল না। বল বিকৃতির ঘটনা দলের অনেকেরই জানা ছিল। এমনকি দলের সবাইকে সম্মিলিতভাবে দায় নেওয়ার কথাও বলেছিলেন তিনি। তবে তাঁর সেই প্রস্তাবে সবাই একমত হননি।

খাজার বক্তব্য প্রকাশ্যে আসার পর সাবেক সতীর্থ ওয়ার্নার তাঁর পাশে দাঁড়িয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় ওয়ার্নার খাজার বর্ণনাকে শতভাগ সঠিক বলে সমর্থন করেন। তাঁর প্রশ্ন, ঘটনার সময় ড্রেসিংরুমে থাকা খাজাকে তদন্তের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন? আট বছর আগের তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তবে খাজার দাবির সঙ্গে একমত নন সবাই। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে আগে কিছু জানতেন না বলে জানিয়েছেন। সাবেক কোচিং স্টাফের সদস্যরাও খাজার বর্ণনার কিছু অংশ নিয়ে আপত্তি তুলেছেন। ফলে পুরোনো ঘটনা নিয়ে নতুন করে ক্রিকেট অস্ট্রেলিয়ার ভেতরে মতবিরোধ তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের বক্তব্যের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। খাজার অভিযোগের পূর্ণাঙ্গ বিষয়টি বুঝে নিয়ে জবাব দিতে চান বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে তাঁর। বিশেষ করে দলের বোলাররা বল বিকৃতির বিষয়ে কতটা জানতেন, সেই প্রশ্নের উত্তর দিতে হবে কামিন্সকে।

অন্যদিকে, নতুন করে তদন্তের দাবি উঠলেও তাতে সাড়া দিতে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটির প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, পুরোনো তদন্ত পুনরায় চালু করার মতো যথেষ্ট কারণ তাঁরা দেখছেন না। তাঁর মতে, সে সময় সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হয়েছিল এবং তদন্তের ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। তবে খাজার বইয়ে উঠে আসা কিছু তথ্য অন্যদের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলেও স্বীকার করেছেন তিনি।

বই প্রকাশের পর খাজার প্রচার কার্যক্রম নিয়েও তৈরি হয়েছে আলোচনা। টেলিভিশনে এক সাক্ষাৎকারে স্যান্ডপেপার কাণ্ড নিয়ে প্রশ্নের মুখে অস্বস্তিতে পড়েন এই সাবেক ব্যাটার। পরে তাঁর প্রকাশক পেঙ্গুইন জানিয়েছে, প্রচারসূচিতে কিছু পরিবর্তন আনা হলেও বইয়ের প্রচারণা বাতিল করা হয়নি।

আট বছর আগে অস্ট্রেলীয় ক্রিকেটের ভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছিল স্যান্ডপেপার কাণ্ড। শাস্তি ভোগ করে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ঘটনার পুরো সত্য নিয়ে বিতর্ক থামেনি। খাজার আত্মজীবনী সেই পুরোনো ক্ষত আবার সামনে এনেছে। এবার কামিন্সসহ সংশ্লিষ্টদের বক্তব্যে বিতর্কের নতুন কোনো দিক উন্মোচিত হয় কি না, সেদিকেই তাকিয়ে ক্রিকেটবিশ্ব।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: