ব্র্যাডম্যানকে টপকে ৭ হাজারি ক্লাবে মুশফিক, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক

খেলা

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ

2026-11-09T13:18:28+00:00
2026-11-09T13:18:28+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
খেলা
ব্র্যাডম্যানকে টপকে ৭ হাজারি ক্লাবে মুশফিক, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
স্পোর্টস ডেস্ক
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:১৮ পিএম 
ব্র্যাডম্যানকে টপকে ৭ হাজারি ক্লাবে মুশফিক, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। একই সঙ্গে টেস্ট ক্রিকেটের কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে গেছেন তিনি।

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চোটের কারণে খেলতে পারেননি মুশফিক। সিলেটে দ্বিতীয় টেস্টে ফিরে প্রথম ইনিংসে ৩৪ রান করেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় রান সংগ্রহ করে ঐতিহাসিক মাইলফলকে পৌঁছান বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার।

২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। অভিষেক ম্যাচের দুই ইনিংসে তাঁর সংগ্রহ ছিল যথাক্রমে ১৯ ও ৩ রান। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার যোগ হলো সাত হাজার রানের অনন্য অর্জন।

১০৭ টেস্টের ১৯৭তম ইনিংসে এই কীর্তি গড়েছেন মুশফিক। তাঁর টেস্ট ক্যারিয়ারে রয়েছে ১৪টি শতক, ৩০টি অর্ধশতক এবং তিনটি দ্বিশতক।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরেই রয়েছেন মুমিনুল হক। তাঁর সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান।

মুশফিকের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ২১৯ রান। তবে সিলেট টেস্টেই তাওহীদ হৃদয় ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি নিজের করে নেন।

ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড হাতছাড়া হলেও একই ম্যাচে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করে নতুন ইতিহাস গড়েন মুশফিক। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সাত হাজার রানের ক্লাবে প্রবেশ করা ৫৯তম ব্যাটার তিনি।

এই অর্জনের পথে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকেও পেছনে ফেলেছেন মুশফিক। টেস্ট ক্রিকেটে ব্র্যাডম্যানের মোট রান ৬ হাজার ৯৯৬। মুশফিকের এই অর্জন বাংলাদেশের ক্রিকেটে তাঁর দীর্ঘদিনের ধারাবাহিকতা ও অবদানের আরেকটি স্মরণীয় স্বীকৃতি।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: