
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি কিংবা সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
তাঁরা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়-এর সিলেট ব্যুরোপ্রধান শহিদুল ইসলাম সোহেল এবং ভোরের আকাশ-এর সিলেট ব্যুরোপ্রধান সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ।
মানববন্ধন থেকে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও দায়িত্ব পালনে বাধা সৃষ্টির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।