মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ৩২টি স্বর্ণের বারসহ ২ জন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (০১ নভেম্বর) দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান গোপন সূত্রে জানতে পারেন যে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১০ থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালানের চেষ্টা হতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় নাজিরাকোনা বিওপির হাবিলদার মোঃ শামীমুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি চৌকস আভিযানিকদল উক্ত এলাকায় আগে থেকেই কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক দুপুর ১২.৪০ ঘটিকায় দুই ব্যক্তিকে একটি ব্যাগসহ সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে তাদের আটক করতে সক্ষম হন। আটক ব্যক্তিরা হলেন: মোঃ আসাদুল (৫০), পিতা- মৃত আবু বক্কর এবং মোঃ জুয়েল হোসেন (৩০), পিতা- মাদার উভয়ের গ্রাম- সোনাপুর নতুন পাড়া, উপজেলা- মুজিবনগর, জেলা- মেহেরপুর।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সম্মুখে আটক ব্যক্তিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ৩.৯৪১ কেজি এবং বাজারমূল্য প্রায় ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
আটক দুই ব্যক্তিদেরকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তে স্বর্ণসহ বিভিন্ন পণ্যের চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালানমুক্ত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।