ঢাকার মেয়ের গল্প এবার আন্তর্জাতিক পর্দায়, তাহমিমার উপন্যাস নিয়ে বড় আয়োজন

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশে জন্ম নেওয়া ব্রিটিশ লেখক তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘গুড বুকস’ প্রকাশের আগেই জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে। উপন্যাসটি

2026-10-31T19:42:34+00:00
2026-10-31T19:42:34+00:00
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ১ নভেম্বর ২০২৬
বিনোদন
ঢাকার মেয়ের গল্প এবার আন্তর্জাতিক পর্দায়, তাহমিমার উপন্যাস নিয়ে বড় আয়োজন
বিনোদন ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:৪২ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশে জন্ম নেওয়া ব্রিটিশ লেখক তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘গুড বুকস’ প্রকাশের আগেই জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে। উপন্যাসটি অবলম্বনে তৈরি হচ্ছে টেলিভিশন সিরিজ। সবচেয়ে বড় চমক, সিরিজটির চিত্রনাট্য তৈরিতে লেখক তাহমিমা আনামের সঙ্গে যুক্ত হয়েছেন এমি পুরস্কারের জন্য মনোনীত চিত্রনাট্যকার ও প্রযোজক অ্যালিসন ব্রাউন।

সিরিজটি যৌথভাবে নির্মাণ করছে যুক্তরাষ্ট্রের পেসসেটার প্রোডাকশনস ও যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান কুডোস। অ্যালিসন ব্রাউনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’, ‘ইয়ঙ্গার’ ও ‘আপলোড’। ফলে তাহমিমার সাহিত্যকর্ম এবার আন্তর্জাতিক টেলিভিশন দর্শকদের সামনে নতুন আঙ্গিকে আসার অপেক্ষায়।

প্রকাশের আগেই সিরিজের চুক্তি

তাহমিমা আনামের ‘গুড বুকস’ উপন্যাসটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এডিনবরা আন্তর্জাতিক বই উৎসবে। যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা ক্যাননগেট বইটির প্রকাশনা স্বত্ব নিয়েছে। ২০২৮ সালে উপন্যাসটি প্রকাশের পরিকল্পনা রয়েছে। উত্তর আমেরিকার প্রকাশনা স্বত্ব নিয়েছে মার্কিন প্রকাশনা সংস্থা স্ক্রিবনার।

অর্থাৎ, বইটি পাঠকের হাতে পৌঁছানোর আগেই এর গল্প নিয়ে টেলিভিশন সিরিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকাশনা ও বিনোদন—দুই জগতেই বিষয়টি তৈরি করেছে আগ্রহ।

প্রকাশনা জগতের অন্দরমহলের গল্প

‘গুড বুকস’-এর গল্প আবর্তিত হয়েছে প্রকাশনা জগতের নানা ঘটনা, ক্ষমতার সমীকরণ, উচ্চাকাঙ্ক্ষা ও ব্যক্তিগত সম্পর্ককে ঘিরে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রায়া চ্যাটার্জি। নিউইয়র্কের একটি বইয়ের দোকানে কাজ করার সময় তার পরিচয় হয় লন্ডনের প্রভাবশালী সাহিত্য প্রতিনিধি প্রু ম্যাকনিলের সঙ্গে।

এই পরিচয় রায়ার জীবনে নতুন ক্যারিয়ারের দরজা খুলে দেয়। তাকে ফিরে যেতে হয় নিজের জন্মশহর লন্ডনে। সেখানে নতুন জীবনের সম্ভাবনার পাশাপাশি মুখোমুখি হতে হয় অতীতের নানা গোপন সত্যের।

উপন্যাসটিতে কীভাবে একটি বই তৈরি হয়, প্রকাশনা জগতে কারা সিদ্ধান্ত নেন, নিজের যোগ্যতা নিয়ে সংশয় এবং সেই সংশয় কাটিয়ে ওঠার সংগ্রাম তুলে ধরা হয়েছে। পাশাপাশি মা-মেয়ের সম্পর্ক ও রক্তের বাইরের পারিবারিক বন্ধনও গল্পের গুরুত্বপূর্ণ অংশ।

প্রকাশকরা উপন্যাসটিকে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ ও ‘ইয়েলোফেস’-এর মিশ্র আবহের গল্প হিসেবে বর্ণনা করেছেন।

আন্তর্জাতিক স্বীকৃতিতে উজ্জ্বল তাহমিমা

তাহমিমা আনাম তাঁর ‘বেঙ্গল ট্রিলজি’র জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘আ গোল্ডেন এজ’, ‘দ্য গুড মুসলিম’ ও ‘আপ রাইজিং’। প্রথম উপন্যাসের জন্য পেয়েছেন কমনওয়েলথ রাইটার্স পুরস্কার। এ ছাড়া অর্জন করেছেন ও. হেনরি পুরস্কার। তাঁর ‘আপ রাইজিং’ উপন্যাসটি অরওয়েল পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিল।

ঢাকায় জন্ম নেওয়া এই লেখক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানে উচ্চশিক্ষা নিয়েছেন। তিনি রয়্যাল সোসাইটি অব লিটারেচারের ফেলো হিসেবেও স্বীকৃত।

এদিকে ‘গুড বুকস’ অবলম্বনে নির্মিতব্য সিরিজটির অভিনয়শিল্পী, সম্প্রচারমাধ্যম কিংবা মুক্তির সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। তবে বই প্রকাশের আগেই টেলিভিশন সিরিজে রূপ নেওয়ার খবরে তাহমিমা আনামের নতুন সাহিত্যকর্ম নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: