দেশি কুকুরের খোঁজে থমকে ছিল ‘জানোয়ার’, চার বছর পর ফিরছে সিনেমাটি

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘ চার বছরের অপেক্ষা ও নানা জটিলতা পেরিয়ে আবারও নির্মাণের পথে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জানোয়ার-দ্য বিস্ট’। সম্প্রতি প্রকাশ করা হয়েছে

2026-10-31T19:09:16+00:00
2026-10-31T19:09:16+00:00
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ১ নভেম্বর ২০২৬
বিনোদন
দেশি কুকুরের খোঁজে থমকে ছিল ‘জানোয়ার’, চার বছর পর ফিরছে সিনেমাটি
বিনোদন ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:০৯ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ চার বছরের অপেক্ষা ও নানা জটিলতা পেরিয়ে আবারও নির্মাণের পথে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জানোয়ার-দ্য বিস্ট’। সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম আনুষ্ঠানিক পোস্টার। রহস্য ও থ্রিলারের আবহে তৈরি পোস্টারটি ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

জাহিদ জুয়েলের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটির কাজ ২০২১ সালে শুরু করার পরিকল্পনা ছিল। তবে গল্পের অন্যতম প্রধান উপাদান দেশি রাস্তার কুকুরের কারণে নির্মাণকাজে বড় বাধা তৈরি হয়। সিনেমার প্রায় ৭০ শতাংশ দৃশ্যজুড়েই রয়েছে এসব কুকুর। তাদের স্বাভাবিক আচরণ, উপস্থিতি এবং মানুষের সঙ্গে সম্পর্ক পর্দায় বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে প্রশিক্ষিত দেশি কুকুরের প্রয়োজন ছিল।

কিন্তু দীর্ঘ চেষ্টা করেও প্রয়োজনীয় কুকুরের ব্যবস্থা করতে পারেননি নির্মাতারা। এমনকি ১০টি প্রশিক্ষিত দেশি কুকুর সরবরাহ করতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছিল। তাতেও আশানুরূপ সাড়া না পাওয়ায় একপর্যায়ে সিনেমাটির কাজ স্থগিত হয়ে যায়।

পরে তরুণ নির্মাতা জাহিদ জুয়েলের সঙ্গে আলোচনার পর নতুন করে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রতিষ্ঠিত নায়ক-নায়িকার পরিবর্তে গল্পের চরিত্রের সঙ্গে মানানসই নতুন মুখ নিয়ে কাজ করার পরিকল্পনা করেন পরিচালক। দীর্ঘ চার মাসের চেষ্টায় খুঁজে পাওয়া হয় কাঙ্ক্ষিত নবাগত অভিনয়শিল্পীদের।

‘জানোয়ার-দ্য বিস্ট’ সিনেমার গল্পের পটভূমি ১৯৬৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিস্তৃত। সিনেমার গুরুত্বপূর্ণ অংশে রয়েছে ১৯৬৫ সালের সদরঘাটের জেটি। কয়েক দশক আগের পরিবেশ ও লোকেশন পর্দায় ফুটিয়ে তুলতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) প্রযুক্তি।

নির্মাণ পরিকল্পনা অনুযায়ী, অভিনয়শিল্পীরা গ্রিন স্ক্রিনের সামনে দৃশ্য ধারণ করেছেন। পরে প্রযুক্তির সহায়তায় গল্পের সময়কাল ও পরিবেশের সঙ্গে দৃশ্যগুলো সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। অভিনয়শিল্পীরা নিজেদের সংলাপের ডাবিংও নিজেরাই করেছেন।

সিনেমাটিতে চারজন নবাগতসহ মোট ১৫০ জন অভিনয়শিল্পী কাজ করছেন। নবাগতদের মধ্যে রয়েছেন সাজ ও আবন্তিকা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অবন্তী, নুসরাত, আলিশা, নাদের চৌধুরী, শিবা সানু, জয়, নাজমুল, শুভ্র মেরাজ, রাকা পপি ও শাহ আলম সরকারসহ অনেকে।

সিনেমাটির মূল ভাবনায় রয়েছেন শাহ আলম সরকার। কাহিনি ও সংলাপ লিখেছেন শাহ আলম সরকার ও আবদুল আজিজ। প্রযোজনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

প্রথম পোস্টার প্রকাশের পর এখন সিনেমাটির প্রধান অভিনয়শিল্পীদের পরিচয় জানার অপেক্ষায় দর্শকরা। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রধান নায়ক-নায়িকাদের পরিচয় প্রকাশ করা হবে। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: