ডেঙ্গু ও ভাইরাল জ্বরে আক্রান্ত রোগীদের শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান এবং নগরবাসীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে মোবাইল ফিভার ক্লিনিক কার্যক্রম পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর মিরপুর-১০ এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ডিএনসিসির অঞ্চল-৪-এর ১৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ উদ্যোগের প্রতিপাদ্য—‘সুস্থ থাকুক ঢাকা: ডেঙ্গু জ্বর ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্প’।
ক্লিনিকে ডেঙ্গু ও ভাইরাল জ্বরের চিকিৎসা, ল্যাব পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি রোগের জটিলতা এড়াতে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া নারী ও শিশুস্বাস্থ্য, চর্মরোগ ও সাধারণ রোগের চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হবে। একই সঙ্গে অসংক্রামক রোগ শনাক্তকরণ ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এমপির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ডিএনসিসির এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার সুযোগ পাবেন। আয়োজকদের পক্ষ থেকে নগরবাসীকে ক্যাম্পে উপস্থিত হয়ে সেবা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।