রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ধারাবাহিক উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, নগরীর যেসব স্থানে অবৈধ দখল ও জঞ্জাল রয়েছে এবং মানুষের হাঁটাচলায় বাধা সৃষ্টি হচ্ছে, সেসব স্থান দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, মিরপুর ১ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকার ফুটপাত ও সড়ক দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এতে স্থানীয় বাসিন্দারা নির্বিঘ্নে চলাচলের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নগরবাসীর চলাচলের পথ তাদের ফিরিয়ে দেওয়া সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বুধবার সকাল ১১টা থেকে মিরপুর ১ নম্বর এলাকায় অভিযান শুরু হয়েছে এবং দুপুরেও তা অব্যাহত ছিল। অভিযানে স্থানীয় বাসিন্দা, মার্কেট কমিটির প্রতিনিধি ও কয়েকজন দোকানি সহযোগিতা করছেন।
তিনি বলেন, মিরপুর ১০ নম্বর এলাকায় এর আগে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। সেখানে গাছ লাগানোর উদ্যোগও নেওয়া হয়েছে। একইভাবে মিরপুর ১ নম্বর এলাকাকেও মানুষের হাঁটাচলার উপযোগী করে তোলা হবে।
ফুটপাত দখলমুক্ত করার পর তা যাতে আবার দখল না হয়, সে বিষয়েও নজরদারি থাকবে বলে জানান ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, স্থানীয় বাসিন্দা ও নেতারা উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি তদারকি করবেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে উপস্থিত ছিলেন। উচ্ছেদের পর কেউ আবার ফুটপাত দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, দায়িত্বে থাকা অবস্থায় পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার লক্ষ্যে কাজ করে যাবেন। এ জন্য নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ফুটপাতের গাছের পরিচর্যা ও নিয়মিত পানি দেওয়ার মতো কাজেও নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি সরকারের পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টির ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার কথাও বলেন।
মিরপুর ১ নম্বর এলাকায় উচ্ছেদ অভিযান অব্যাহত রেখে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার পাশাপাশি পুনর্দখল ঠেকাতে নজরদারি জোরদার করা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক।