মাকে হারিয়ে ভেঙে পড়লেন পপি, ‘আম্মা’ হারানোর বেদনায় কাঁদালেন ওমর সানীও

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার দিবাগত রাত দেড়টার

2026-10-28T18:04:30+00:00
2026-10-28T18:04:30+00:00
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বিনোদন
মাকে হারিয়ে ভেঙে পড়লেন পপি, ‘আম্মা’ হারানোর বেদনায় কাঁদালেন ওমর সানীও
বিনোদন ডেস্ক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:০৪ পিএম 
মা মরিয়ম বেগমের সঙ্গে সাদিকা পারভীন পপি। ছবি: সংগৃহতি
ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

মায়ের মৃত্যুতে শোকাহত পপি সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত আবেগঘন বার্তায় সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন, ‘আম্মার বিদেহী আত্মার শান্তি কামনায়, সবাই দোয়া করবেন।’

পপির মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান। চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। গত ১৪ অক্টোবর রাজধানীর গুলশানের নিকেতনে নিজ বাসায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হন তিনি। পরে তাঁকে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত দেড়টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

পপির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। পপির সঙ্গে পারিবারিক সম্পর্কের সূত্র ধরে মরিয়ম বেগমকে নিজের শাশুড়ি বলে উল্লেখ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মরিয়ম বেগমের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতিচারণ করেন এই অভিনেতা।

ওমর সানী লেখেন, ‘মৌসুমী আর পপি ফার্স্ট কাজিন, সেই সূত্র ধরে পপির মাও আমার শাশুড়ি। ৯৭ থেকে তাকে আমি সব সময় আম্মা বলে ডাকতাম, উনি চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। আল্লাহ জান্নাত নসিব করুন। ক্রমাগতভাবে মুরুব্বীদের হারাচ্ছি, তারপর আমার যাওয়ার পালা।’

পোস্টের সঙ্গে পপি ও তাঁর মায়ের একটি ছবিও প্রকাশ করেন ওমর সানী। তাঁর লেখায় উঠে এসেছে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের স্মৃতি এবং একের পর এক স্বজন হারানোর বেদনা।

মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় ফজরের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। পরে তাঁর মরদেহ নেওয়া হয়েছে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

একসময় ঢাকাই সিনেমার পর্দায় নিয়মিত উপস্থিতি ছিল পপির। একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করেন তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। মাকে হারানোর বেদনার মধ্যে তাঁর দোয়া চাওয়ার বার্তা এবং ওমর সানীর স্মৃতিচারণে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের আবহ।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: