
সফরসূচি অনুযায়ী, সকালে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে তিনি রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
রংপুরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী যাবেন রাজশাহীতে। সেখানে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের পর একটি জনসভায় যোগ দেবেন তিনি। জনসভাটি নগরের হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দিনের শেষ কর্মসূচিতে চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের পাশাপাশি চেক বিতরণের কর্মসূচিও রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে তিন জেলাতেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দুর্গোৎসবে অংশ নেওয়া সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরবেন তিনি।