রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক—সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি ও রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতি জানিয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় বিধিগত কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা পৃথক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠি অনুযায়ী, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান, রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং জনতা ব্যাংকের মো. মজিবর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
এ ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন এবং সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের বিধান অনুসরণ করতে বলা হয়েছে। সরকারের সুপারিশ ও সম্মতির আলোকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ।
তবে তিন ব্যাংকের এই শীর্ষ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের কারণ চিঠিতে উল্লেখ করা হয়নি। একই সঙ্গে তাঁদের স্থলে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়েও কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ ব্যবস্থাপনায় এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। খেলাপি ঋণ আদায়, মূলধন ঘাটতি, তারল্য ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত করার মতো বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে ব্যাংকগুলোর নেতৃত্বে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলো।
চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহী পদে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।