সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ সরকার। রায়ের কপি হাতে পাওয়ার পর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালে সৌদি আরবের পুলিশ ওই দুই বাংলাদেশিকে আটক করে। তবে এ সময়ের মধ্যে তাঁদের পরিবারের কোনো সদস্য সরকারের সঙ্গে যোগাযোগ করেননি বলে জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, বিচারিক রায়ের কপি পাওয়া গেলে ওই দুই বাংলাদেশির পরিচয় এবং তাঁদের মধ্যে পারিবারিক বা অন্য কোনো সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনেক বাংলাদেশি কারাভোগ করছেন। নিয়মিতভাবে সৌদি কর্তৃপক্ষ তাঁদের বিষয়ে তালিকা বাংলাদেশের কাছে পাঠায়। এসব তথ্যও যাচাই করে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে। এ ক্ষেত্রে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সরকারের সমালোচনাও করেন শামা ওবায়েদ। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীনভাবে অল্প সময়ের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যরা এবং বায়তুল মোকাররম মসজিদের খতিব দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করাকে সময়ক্ষেপণ বলেও মন্তব্য করেন তিনি।