রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী রয়েছেন। অভিযানে বিপুল পরিমাণ মদ, বিয়ার, সিসা ও সিনথেটিক মাদক উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকার পিওএইচএস-১ হাউজিংয়ে পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত আড়াইতলা ভবনটিতে অভিযান শুরু হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত অভিযান চলে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল জহির বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও অবৈধ ডিজে পার্টি চলছিল বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির জানান, অনলাইন ভাড়া দেওয়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটির কক্ষ ভাড়া দেওয়া হতো। দেশের বিভিন্ন এলাকা থেকে তরুণ-তরুণীরা অনলাইনে কক্ষ বুকিং করে সেখানে আয়োজিত পার্টিতে অংশ নিতেন।
তিনি আরও জানান, এসব পার্টি থেকে আয়ের ৭০ শতাংশ বাড়ির মালিক আবদুল্লাহ আল জহির পেতেন এবং বাকি ৩০ শতাংশ তাঁর কর্মীরা নিতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাড়িটিতে পার্টি আয়োজনের সঙ্গে যুক্ত দুই হোস্টের একজন মাহাবুল আলমকে আটক করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত। তাঁর ভাড়া দেওয়া বাড়িতে অভিযানের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।