মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর দাবি, মাদক নির্মূলের উদ্দেশ্যে কাজ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ফাঁদে পড়েছেন ইশরাক।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইশরাক হোসেন নতুনভাবে রাজনীতিতে এসেছেন। মাদক নির্মূলের উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করতে চেয়েছিলেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন সেই পাপের ভোগান্তিতে পড়েন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।
এ সময় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রত্যাশিত নিরাপত্তা পাচ্ছেন না। গত তিন-চার মাসের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই-সংক্রান্ত বিষয় নিয়েও কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন কোনো আচরণ করা উচিত নয়, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ ক্ষুব্ধ, দুঃখিত বা আহত বোধ করেন।
তিনি আরও বলেন, এ ধরনের বিষয় নিয়ে কথা বলার কারণে তাঁকে যেন কোনো বিশেষ রাজনৈতিক বা সাম্প্রদায়িক তকমা দেওয়া না হয়। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন।
ভুল-বোঝাবুঝি এড়াতে দুই পক্ষকে আলোচনায় বসারও আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, প্রয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে বসে আলোচনা করতে হবে, যাতে পারস্পরিক ভুল-বোঝাবুঝির অবসান ঘটে।
ইশরাকের পদত্যাগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক আলোচনা চলার মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারীর এই বক্তব্য নতুন করে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা ও সরকারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিতর্ক সামনে এনেছে।