পাকিস্তানি বিনোদন জগতের জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী নীলম মুনির ও তাঁর স্বামী মুহাম্মদ রশিদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান। বিভিন্ন পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি এই তারকা দম্পতি তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। নেটদুনিয়ায় সুখবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।
মূলত মুহাম্মদ রশিদের এক ঘনিষ্ঠ বন্ধুর করা টিকটক পোস্টের মাধ্যমেই এ সুসংবাদ জনসমক্ষে আসে। ওই পোস্টে তিনি নবজাতকের জন্য দোয়া করার পাশাপাশি পিতা-মাতা হওয়া এই দম্পতিকে আন্তরিক অভিনন্দন জানান এবং শিশুটির সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
যদিও মা হওয়ার বিষয়টি নিয়ে নীলম মুনির নিজে এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কোনো পোস্ট বা মন্তব্য করেননি। তবে পছন্দের অভিনেত্রীর কাছ থেকে এই খুশির খবরটি শোনার জন্য মুখিয়ে আছেন তাঁর ভক্তরা।
উল্লেখ্য, গত বছর দুবাইয়ে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মুহাম্মদ রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নীলম মুনির। বিয়ের পর থেকেই এই অভিনেত্রীর সংসার জীবন নিয়ে ভক্তদের বাড়তি আগ্রহ ছিল। এবার তাঁদের ঘরে নতুন সদস্যের আগমন ঘটায় চারপাশ থেকে অভিনন্দনের বন্যায় ভাসছেন এই তারকা দম্পতি।