এক গাড়িতে শাবনূর-রবি, গানে গানে ফিরে গেলেন ‘ভালোবাসি তোমাকে’র দিনে

বিনোদন ডেস্ক

বিনোদন

চালকের আসনে চিত্রনায়িকা শাবনূর, পাশের সিটে সংগীতশিল্পী রবি চৌধুরী—আর গাড়ির ভেতর ভেসে আসছে নব্বইয়ের দশকের জনপ্রিয় গানের সুর। পেছনের আসনে

2026-10-09T18:40:46+00:00
2026-10-09T18:40:46+00:00
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
বিনোদন
এক গাড়িতে শাবনূর-রবি, গানে গানে ফিরে গেলেন ‘ভালোবাসি তোমাকে’র দিনে
বিনোদন ডেস্ক
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৬:৪০ পিএম 
সংগৃহীত ছবি
চালকের আসনে চিত্রনায়িকা শাবনূর, পাশের সিটে সংগীতশিল্পী রবি চৌধুরী—আর গাড়ির ভেতর ভেসে আসছে নব্বইয়ের দশকের জনপ্রিয় গানের সুর। পেছনের আসনে শাবনূরের ছেলে আইজান নেহান। গন্তব্য সিডনির মনোরম পথ, সঙ্গে জমজমাট আড্ডা আর পুরোনো দিনের স্মৃতিচারণ। শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনিতে এভাবেই একসঙ্গে সময় কাটালেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা ও সংগীতশিল্পী। তাঁদের মুহূর্তগুলো যেন ফিরিয়ে আনল ক্যারিয়ারের শুরুর দিনের সেই চেনা আবহ।

সম্প্রতি স্টেজ শোতে গান গাইতে অস্ট্রেলিয়ায় গেছেন রবি চৌধুরী। তাঁর আসার খবর আগেই পেয়েছিলেন শাবনূর। তাই সময় করে একসঙ্গে ঘোরাঘুরির পরিকল্পনাও করে রেখেছিলেন। শুক্রবার সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়। সিডনির বিভিন্ন মনোরম জায়গায় বন্ধুকে ঘুরিয়ে দেখান শাবনূর। আর গাড়িতে বসে গান শুনিয়ে সেই ভ্রমণকে আরও আনন্দময় করে তোলেন রবি চৌধুরী।

ঘোরাঘুরির পথে শাবনূরের অনুরোধে তাঁর পছন্দের গান ‘যেভাবেই তুমি সকাল দেখো’ গেয়ে শোনান রবি চৌধুরী। পরে গাড়ি থেকে নেমেও বন্ধুর আবদার রাখেন এই সংগীতশিল্পী। গেয়ে ওঠেন শাবনূর অভিনীত ‘ভালোবাসি তোমাকে’ সিনেমার জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’।

একসময় রিয়াজ ও শাবনূরের ঠোঁটে যে গান দর্শকের হৃদয় ছুঁয়েছিল, বহু বছর পর রবি চৌধুরীর কণ্ঠে সেই গানের সুর যেন ফিরিয়ে আনে পুরোনো দিনের আবেগ। শাবনূরও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও ও ছবি প্রকাশ করে স্মৃতির কথা তুলে ধরেছেন।

প্রথম আলোর সঙ্গে আলাপকালে উচ্ছ্বাস প্রকাশ করে শাবনূর বলেন, ‘অসাধারণ সময় কাটছে। অনেক দিন পর দেখা আমাদের। রবি ভাইয়ের সঙ্গে দারুণ মজা হচ্ছে। আমরা ঘুরছি, আমি গাড়ি চালাচ্ছি আর রবি ভাইয়ের কণ্ঠে গান—দারুণ, দারুণ।’

শাবনূর ও রবি চৌধুরীর সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহল নতুন নয়। তবে দুজনই তাঁদের সম্পর্ককে দীর্ঘদিনের বন্ধুত্ব হিসেবেই তুলে ধরেছেন। শাবনূরের ফোনে কথা বলার সময় রবি চৌধুরী বলেন, ‘মানুষজন তো কত কী ভাবে। অথচ আমরা ক্যারিয়ারের শুরুর সময় থেকেই বন্ধু।’

শাবনূরের অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘শাবনূর একজন অসাধারণ অভিনেত্রী, তাঁর সিনেমা যাঁরা দেখেছেন, তাঁরা জানেন। আর বন্ধুত্বের কারণে আমি দেখেছি, কী অসাধারণ একজন মানুষ শাবনূর।’

বন্ধুর প্রশংসার জবাবে শাবনূর বলেন, ‘রবি ভাই ভালো মানুষ না হলে তো আমাদের এত বছরের বন্ধুত্ব টিকত না। বন্ধুত্বের এই সম্পর্কটা টিকে থাকুক সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসায়।’

শাবনূর ও রবি চৌধুরীর জন্মদিন একই দিনে—১৭ ডিসেম্বর। এর আগে শাবনূর ঢাকায় এলে রবি চৌধুরীর বাসায় একসঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেছেন তাঁরা। সময়ের সঙ্গে দুজনের জীবন ও ঠিকানা বদলালেও তাঁদের বন্ধুত্ব অটুট রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

সিডনিতে কাটানো মুহূর্তের ভিডিও প্রকাশ করে শাবনূর লিখেছেন, প্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীকে কাছে পেয়ে তিনি ফিরে গেছেন ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের মধুর স্মৃতিতে। ছবিটির জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’-এর মূল কণ্ঠশিল্পী ছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। রবি চৌধুরীর কণ্ঠে গানটির কয়েকটি লাইন শুনে নস্টালজিয়ায় ডুবে গেছেন বলেও জানান তিনি।

‘ভালোবাসি তোমাকে’ ছবিটি পরিচালনা করেছিলেন মহম্মদ হান্নান। গানটির গীতিকার ও সুরকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

তারকাদের ব্যস্ত জীবনের বাইরে সিডনির এই সময়টুকু শাবনূর ও রবি চৌধুরীর কাছে হয়ে উঠেছে পুরোনো স্মৃতি ঝালিয়ে নেওয়ার উপলক্ষ। গাড়ির স্টিয়ারিংয়ে শাবনূর, পাশে রবি চৌধুরীর গান—আর সেই সুরে ফিরে দেখা বাংলা চলচ্চিত্র ও সংগীতের এক নস্টালজিক অধ্যায়।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: