বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নাম ব্যবহার করে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করছে একটি অসাধু চক্র। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে বলে সতর্ক করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি প্রেরণকারী সংস্থাটি।
বোয়েসেলের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়া, জর্ডান, ফিজি, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, মিশর, দক্ষিণ কোরিয়া ও সিরিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর কথা বলে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে। এতে চাকরিপ্রত্যাশীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে সংস্থাটির ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোয়েসেল বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সম্পূর্ণ নিরাপদ ও স্বল্প ব্যয়ে, ক্ষেত্রবিশেষে বিনা ব্যয়ে জনশক্তি প্রেরণ করে থাকে। বিদেশি নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী প্রকাশিত সব নিয়োগ বিজ্ঞপ্তি সংস্থাটির ওয়েবসাইট www.boesl.gov.bd এবং ভেরিফায়েড ফেসবুক পেজ **www.facebook.com/boesl.gov.bd**-এ প্রকাশ করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত নিবন্ধন ফি দিয়ে brms.boesl.gov.bd পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয়। নিয়োগদাতার চাহিদা অনুযায়ী সাক্ষাৎকার গ্রহণ এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকাও বোয়েসেলের ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বোয়েসেল জানিয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া এবং স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে সংস্থাটি কোনো সার্ভিস চার্জ বা ফি নেয় না। চূড়ান্তভাবে নির্বাচিত ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত সার্ভিস চার্জ বা ফি ব্যাংক পে-অর্ডারের মাধ্যমে গ্রহণ করা হয়।
সংস্থাটির নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নগদ টাকা দাবি করলে তা থেকে বিরত থাকার জন্য চাকরিপ্রত্যাশীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, বিদেশে কর্মী নিয়োগের ক্ষেত্রে বোয়েসেলের কোনো এজেন্ট, সাব-এজেন্ট বা প্রতিনিধি নেই।
বোয়েসেলের নাম, প্যাড কিংবা কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণামূলক বিজ্ঞাপন চোখে পড়লে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যথাযথ প্রমাণসহ প্রতারকদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সহযোগিতা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বোয়েসেলের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হবে।
প্রয়োজনে বোয়েসেলের সঙ্গে যোগাযোগ করা যাবে ০২-৪৮৩১৯১২৫ ও ০১৭৬৫৪১১৬৫৩ নম্বরে। এ ছাড়া প্রবাসী কল্যাণ-সংক্রান্ত সহায়তার জন্য প্রবাস বন্ধু কল সেন্টারের ১৬১৩৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
বোয়েসেলের ঠিকানা: প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন এস. এম. শফি কামাল, সিএস (উপসচিব)।