
মঙ্গলবার সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের (ইসি) সদর দপ্তরের দিকে পদযাত্রা শুরু করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। মিছিলটি এগিয়ে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। একপর্যায়ে রাহুল ও প্রিয়াঙ্কাসহ বেশ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়।
আটকের পর তাদের পুলিশি প্রিজন ভ্যানে নেওয়া হয়। তবে কিছুক্ষণ পরই রাহুল ও প্রিয়াঙ্কাকে ছেড়ে দেওয়া হয়। মুক্তির পর তারা আকাশবাণী ভবন এলাকায় অবস্থান নেন। সেখান থেকে আবারও নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
এর আগে সংসদ ভবনের মকর দ্বার থেকে ইসি কার্যালয়ের উদ্দেশে মিছিল শুরু করেছিলেন বিরোধী সংসদ সদস্যরা। পুলিশ তাদের গতিরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কয়েকজন বিরোধী নেতা। পরে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন এবং সিপিআই(এম) নেতা জন ব্রিটাসসহ কয়েকজন সংসদ সদস্য সড়কে বসে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীরা সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ক্ষুণ্ন করার অভিযোগ তোলেন। একই সঙ্গে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে, বিরোধীদের কর্মসূচিকে কেন্দ্র করে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন কার্যালয় পর্যন্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে পুলিশি ব্যারিকেড বসানোর পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।
সূত্র: ইকোনমিক টাইমস, এনডিটিভি ও রয়টার্স