এশিয়ার ক্রেতাদের জন্য অপরিশোধিত তেলের দামে বড় ধরনের ছাড় দিয়েছে সৌদি আরব। নভেম্বরের জন্য দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো এশিয়ার বাজারে প্রধান গ্রেডের অপরিশোধিত তেলের সরকারি বিক্রয়মূল্য (ওএসপি) ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে।
সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত সৌদি আরামকোর মূল্য নির্ধারণসংক্রান্ত নথিতে এ তথ্য জানা গেছে।
নভেম্বরের জন্য এশিয়ার বাজারে সৌদি আরবের বহুল বিক্রীত আরব লাইট অপরিশোধিত তেলের দাম ওমান ও দুবাইয়ের গড় দামের চেয়ে প্রতি ব্যারেলে ৫ ডলার কম নির্ধারণ করা হয়েছে। অক্টোবরে এই ছাড় ছিল ২ ডলার। অর্থাৎ এক মাসে এশিয়ার জন্য তেলের ছাড় বেড়েছে ৩ ডলার।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুনের পর এশিয়ার বাজারের জন্য এটি সৌদি তেলের সবচেয়ে বড় মূল্যছাড়।
এশিয়ার বাজারে নভেম্বরের তেলের দাম কমার পরিবর্তে বাড়তে পারে বলে ধারণা করেছিলেন বিশ্লেষকেরা। রয়টার্সের এক জরিপে অংশ নেওয়া বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, নভেম্বরের সরকারি বিক্রয়মূল্য প্রতি ব্যারেলে সর্বোচ্চ ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে।
মধ্যপ্রাচ্যের অন্যান্য বেঞ্চমার্ক তেলের দাম বৃদ্ধির কারণে এমন প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে সেই পূর্বাভাসের বিপরীতে এশিয়ার ক্রেতাদের জন্য দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরামকো।
শুধু আরব লাইট নয়, আরব মিডিয়াম ও আরব হেভি—এই দুই ধরনের অপরিশোধিত তেলের দামও এশিয়ার বাজারে প্রতি ব্যারেলে ৫ ডলার কমিয়েছে কোম্পানিটি।
এশিয়ার কয়েকটি শোধনাগারের সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তেল পরিবহনের ব্যয় ব্যাপক বেড়ে যাওয়ায় ক্রেতাদের ওপর চাপ কমাতেই সৌদি আরামকো এ ছাড় দিয়েছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে তেল পরিবহনের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চীনের উদ্দেশে উপসাগরীয় অঞ্চল থেকে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে সক্ষম বিশাল ট্যাংকারের দৈনিক ভাড়া শুক্রবার ১২ লাখ ডলারে উঠে যায়। এক বছর আগে একই ধরনের জাহাজের ভাড়া ছিল প্রায় ৮০ হাজার ডলার।
অর্থাৎ এক বছরের ব্যবধানে বড় আকারের তেলবাহী জাহাজের ভাড়া কয়েক গুণ বেড়েছে। এমন পরিস্থিতিতে তেলের দাম কমিয়ে এশিয়ার ক্রেতাদের বাড়তি পরিবহন ব্যয়ের চাপ কিছুটা লাঘব করার চেষ্টা করছে সৌদি আরামকো।
এশিয়ার বাজারে তেলের দাম কমালেও ইউরোপের ক্ষেত্রে উল্টো সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরামকো।
নভেম্বরের জন্য উত্তর-পশ্চিম ইউরোপের ক্রেতাদের কাছে সব ধরনের অপরিশোধিত তেলের সরকারি বিক্রয়মূল্য প্রতি ব্যারেলে ৩ ডলার বাড়ানো হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের বাজারে সৌদি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
সূত্র: রয়টার্স