
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া ব্লক’। কর্মসূচি থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন অব ইন্ডিয়ার (ইসিআই) সদর দপ্তরের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান বিরোধী জোটের সংসদ সদস্যরা। ভোট কারচুপির অভিযোগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলকে কেন্দ্র করে সংসদ ভবন ও নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশে আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড বসানোর পাশাপাশি বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। আকাশবাণী ভবন ও নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশে র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যদেরও দায়িত্ব দেওয়া হয়।
একপর্যায়ে মিছিলকারীদের আটকে দেয় পুলিশ। সেখান থেকেই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী সংসদ সদস্যকে আটক করা হয়।
বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে পরিচালিত এসআইআর প্রক্রিয়ার কারণে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দেশজুড়ে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবেই দিল্লির এ মিছিল আয়োজন করা হয়।
এসআইআর নিয়ে নিজেদের উদ্বেগ জানাতে ইন্ডিয়া ব্লকের নেতারা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বলে জানা গেছে।
গত ৩০ সেপ্টেম্বর ১৯টি বিরোধী দলের বৈঠকের পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে এ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।