ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে ইরানি জাতির যেকোনো সংগ্রাম, সফলতা ও অর্জনের মূল চালিকাশক্তি হলো নামাজ। মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে আয়োজিত ৩৩তম ‘জাতীয় নামাজ সম্মেলন’-এ প্রেরিত এক বিশেষ বার্তায় তিনি এ কথা পুনর্ব্যক্ত করেন। কনফারেন্সে তাঁর এই লিখিত বক্তব্যটি পাঠ করে শোনানো হয়।
বিশেষ বার্তায় তিনি নামাজের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বেশ কিছু দিক নির্দেশনা প্রদান করেন:
সৃষ্টিকর্তার সাথে আত্মিক সংযোগ: নামাজকে ইসলামের মূল স্তম্ভ ও মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি স্রষ্টার সাথে বান্দার প্রত্যক্ষ সম্পর্ক স্থাপন করে। মানুষের অভ্যন্তরীণ কুপ্রবৃত্তি ও অহংকারের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার হওয়ার পাশাপাশি এটি মনে শান্তি ও আশার সঞ্চার করে।
সামাজিক দায়িত্ব ও জাতীয় অগ্রগতি: পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি মন্তব্য করেন যে, নামাজ কেবল ব্যক্তিকেন্দ্রিক কোনো নিয়ম নয়, বরং এটি একটি মৌলিক সামাজিক দায়িত্ব। কোনো জাতির ক্ষমতা ও সক্ষমতা অর্জনের পর নামাজ কায়েম করাই সৎকর্মশীলদের প্রথম কাজ, যা ইরানের বর্তমান জাতীয় অগ্রগতির ধারাকে ত্বরান্বিত করছে।
প্রভাবশালীদের প্রতি আহ্বান: নামাজের সুফল ও শিক্ষা সর্বস্তরে ছড়িয়ে দিতে তিনি সমাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি পরিবার, শিক্ষক, সচেতন সমাজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে দ্বিগুণেরও বেশি দায়িত্ব পালন করার পরামর্শ দেন।
পরিশেষে ইরানের সর্বোচ্চ নেতা আশাবাদ ব্যক্ত করেন যে, নিয়মিত নামাজ কায়েম ও অনুশীলনের মধ্য দিয়েই ইরানি জনগণ এর অশেষ কল্যাণ ও বরকত লাভ করতে সক্ষম হবে।