কেমন ছিল মিষ্টির রাজনৈতিক উত্থানের পথ?

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

ছাত্রদলের রাজনীতি দিয়ে পথচলা শুরু। এরপর কলেজ ছাত্র সংসদের এজিএস থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক। দীর্ঘদিন মিরপুরের রাজনীতিতে

2026-10-01T14:49:34+00:00
2026-10-01T14:49:34+00:00
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
রাজনীতি
কেমন ছিল মিষ্টির রাজনৈতিক উত্থানের পথ?
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:৪৯ পিএম 
এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি । ছবি : সংগৃহীত
ছাত্রদলের রাজনীতি দিয়ে পথচলা শুরু। এরপর কলেজ ছাত্র সংসদের এজিএস থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক। দীর্ঘদিন মিরপুরের রাজনীতিতে সক্রিয় থেকে একপর্যায়ে জায়গা করে নেন জাতীয় সংসদে। বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন ফেরদৌসী আহমেদ মিষ্টি। 

তবে রাজধানীর মিরপুরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ওঠা অভিযোগে তাঁর রাজনৈতিক জীবন নতুন করে আলোচনায় এসেছে। এ ঘটনার জেরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ছাত্রদল থেকে সংসদ—কেমন ছিল মিষ্টির রাজনৈতিক উত্থানের পথ?

মিষ্টির পদত্যাগের নির্দেশের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ও মিরপুরকেন্দ্রিক প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কলেজজীবনে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হওয়া মিষ্টি একসময় বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্র সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হন। পরবর্তী সময়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন তিনি।

১৯৭৪ সালের ১৫ জানুয়ারি জন্ম নেওয়া ফেরদৌসী আহমেদ মিষ্টির রাজনীতির মূল কেন্দ্র ছিল রাজধানীর মিরপুর। দীর্ঘদিন ধরে সেখানে তাঁর নিজস্ব রাজনৈতিক বলয় গড়ে ওঠে। স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে পরিচিতি পান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৬ সালের ৩ মে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি।

মিষ্টির রাজনৈতিক পরিচয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নাম। তিনি পিন্টুর ছোট বোন। পিন্টু ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। ২০১৫ সালের ৩ মে রাজশাহী কারাগারে তাঁর মৃত্যু হয়।

মিষ্টির স্বামী সাইদুর রহমান নিউটনও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এবং ঢাকা সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন। ২০০২ সালের ১০ মে ধানমন্ডির অর্কিড প্লাজার সামনে প্রকাশ্যে গুলিতে নিহত হন তিনি। স্বামীর মৃত্যুর পর ওই ওয়ার্ডে নির্বাচনে অংশ নিয়ে কাউন্সিলর নির্বাচিত হন মিষ্টি। পরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।

তবে মিষ্টির রাজনৈতিক জীবনে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা। গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটিতে হামলা, লুটপাট ও ভাঙচুর চালানো হয়। অভিযোগ রয়েছে, দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে প্রায় ২০০ জন সেখানে হামলা চালিয়ে একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়। এ সময় চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করা হয়।

ঘটনার পর স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর নাম আলোচনায় আসে। তাঁদের কয়েকজন মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এ ছাড়া রাড্ডা সেন্টারের জমি নিয়ে সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের সংশ্লিষ্টতার অভিযোগও সামনে আসে। ২০০৬ সালে ওই সমিতির সভাপতি ছিলেন মিষ্টি। সে সময় স্বাস্থ্যকেন্দ্রের জমি সমিতির নামে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছিল, যাতে তাঁর স্বাক্ষর ছিল।

তবে রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টি। সমিতির সঙ্গে বর্তমানে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেছেন তিনি।

এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন বলে বুধবার জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

রাড্ডা কাণ্ডের জেরে দলীয় সাংগঠনিক পর্যায়েও পরিবর্তন এসেছে। বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

এমন পরিস্থিতিতে মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। পরে মিষ্টি নিজেই জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

ছাত্রদলের রাজনীতি দিয়ে পথচলা শুরু করে সংসদ সদস্য হওয়া মিষ্টির রাজনৈতিক জীবনে রাড্ডা সেন্টারের ঘটনাটি বড় পরিবর্তন নিয়ে এসেছে। তবে ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো প্রকাশিত হয়নি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: