রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ‘ফ্যাসিবাদের দোসরদের’ দায়ী করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক।
শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাত দখলমুক্ত করার কর্মসূচি চলমান থাকবে। উচ্ছেদ অভিযান চলাকালে ফুটপাত দখল করে রাখা ব্যক্তিদের ‘ইন্ধনে’ সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক এবং পুলিশের কিছু সদস্যের ওপর হামলা করা হয়েছে।
তিনি বলেন, স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা সরে যেতে বাধ্য হয়েছে। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে।
ডিএনসিসি প্রশাসকের দাবি, উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার পর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সাংবাদিকদের ওপরও হামলা করা হয়েছে বলে তিনি জানান।
মসজিদে পরিকল্পিতভাবে আগুন দিয়ে অরাজকতা তৈরির চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, পুলিশের পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।
ফুটপাত দখলমুক্ত করা সিটি করপোরেশনের দায়িত্ব উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক বলেন, সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায়। মিরপুরের আজকের ঘটনায় সেটিই প্রমাণ হয়েছে। ভবিষ্যতে কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিজেকে মিরপুরের সন্তান উল্লেখ করে তিনি বলেন, এলাকার পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত। ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ অব্যাহত থাকবে।