রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলাটিতে মোট ৪১ জন আসামি রয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন। একই মামলায় হাসানুল হক ইনু, দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, শামসুল হক টুকু, জিয়াউল আহসান ও ফারজানা রুপাসহ ১১ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলায় অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে পলাতক আসামিদের আত্মসমর্পণের জন্য জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে তারা ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেননি।
প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান পরিচালনার সময় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছিল। মামলায় ওই ঘটনাকে কেন্দ্র করে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের বিচার এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে।
এদিকে একই দিনে গাজীপুরে মাদরাসার অধ্যক্ষ আবুল হোসেনকে গুমের অভিযোগের মামলায় সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামান ও এডিসি ইশতিয়াকসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।