একাদশে ভর্তির দিনক্ষণ চূড়ান্ত, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক

শিক্ষা

এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর

2026-08-24T15:56:46+00:00
2026-08-24T15:56:46+00:00
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিক্ষা
একাদশে ভর্তির দিনক্ষণ চূড়ান্ত, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
অনলাইন ডেস্ক
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৫৬ পিএম 
সংগৃহীত ছবি

এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এবারও একাদশে ভর্তির ক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সোমবার (২৪ আগস্ট) এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করে। এতে উপসচিব (সরকারি কলেজ-১) এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষর করেছেন।

নীতিমালা অনুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিতরা ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন। আর ২৩ সেপ্টেম্বর থেকে দেশের কলেজগুলোতে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। অনলাইনে আবেদন করতে শিক্ষার্থীকে দিতে হবে ২২০ টাকা।

কারা আবেদন করতে পারবেন:
নীতিমালায় বলা হয়েছে, যে শিক্ষাবর্ষে এসএসসি বা সমমানের ফল প্রকাশ হয়েছে এবং তার আগের দুই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও একাদশে ভর্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

বিদেশি বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে সনদের সমমান নির্ধারণের পর আবেদনের সুযোগ মিলবে।

বিভাগ নির্বাচনের ক্ষেত্রেও রাখা হয়েছে বেশ কিছু সুযোগ। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন বিভাগেই আবেদন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা নিজেদের বিভাগ ছাড়াও পরস্পরের বিভাগে আবেদন করার সুযোগ পাবেন।

এ ছাড়া সব বিভাগের শিক্ষার্থীরা ইসলামী শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত বিভাগের জন্য আবেদন করতে পারবেন। কারিগরি ও মাদ্রাসা বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সাধারণ শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট বিভাগে ভর্তির সুযোগ পাবেন।

৯৩ শতাংশ আসন মেধায়, থাকছে কোটা:
একাদশে ভর্তির ক্ষেত্রে মোট আসনের ৯৩ শতাংশ সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বাকি আসনের মধ্যে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য মোট ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

তবে কোটার জন্য যোগ্য প্রার্থী না পাওয়া গেলে ওই আসন মেধাতালিকা থেকে পূরণ করা হবে। নীতিমালায় স্পষ্ট করা হয়েছে, এই কোটা ব্যবস্থা শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

সমান জিপিএ পাওয়া শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারণে এসএসসি পরীক্ষার মোট নম্বর বিবেচনা করা হবে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে মোট নম্বরও সমান হলে সাধারণ গণিত, উচ্চতর গণিত বা জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরও সমতা থাকলে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়নের নম্বর বিবেচনা করা হবে।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে সমান নম্বর হলে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ের নম্বর বিবেচনায় নেওয়া হবে।

নিজস্ব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ভর্তির যোগ্যতার শর্ত পূরণ করলে নিজ প্রতিষ্ঠানে অগ্রাধিকার পাবেন।

কলেজভেদে ভর্তি ফি নির্ধারণ:
নীতিমালায় কলেজের ধরন ও অবস্থানভেদে ভর্তি ও সেশন চার্জের সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ঢাকা মহানগরে বাংলা ও ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ ৫ হাজার টাকা, অন্যান্য মহানগরে ৩ হাজার, জেলা সদরে ২ হাজার এবং উপজেলা বা মফস্বল এলাকায় ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।

অন্যদিকে নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ঢাকা মহানগরে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ এবং ইংরেজি মাধ্যমে ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য মহানগরে বাংলা ও ইংরেজি মাধ্যমে যথাক্রমে ৫ হাজার ও ৬ হাজার টাকা, জেলা সদরে ৩ হাজার ও ৪ হাজার টাকা এবং উপজেলা বা মফস্বলে ২ হাজার ৫০০ ও ৩ হাজার টাকা নেওয়া যাবে।

প্রাথমিক নিশ্চায়নে দিতে হবে ৩৪০ টাকা:
ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময় বোর্ডকে মোট ৩৪০ টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ফি ১০০ টাকা রয়েছে।

অনুমোদন ছাড়া ভর্তি করালে কঠোর ব্যবস্থা:
নীতিমালায় কলেজগুলোকে সতর্ক করে বলা হয়েছে, শিক্ষা বোর্ডের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান ছাড়পত্র (টিসি) দিতে বা শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।

এ ছাড়া অনুমোদনহীন শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হলে সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমতি, স্বীকৃতি কিংবা এমপিওভুক্তি বাতিলের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এক নজরে একাদশে ভর্তি
অনলাইন আবেদন শুরু: ২ সেপ্টেম্বর

আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর

আবেদন ফি: ২২০ টাকা

প্রথম ধাপের ফল: ১৭ সেপ্টেম্বর, রাত ৮টা

ভর্তি কার্যক্রম: ২০–২২ সেপ্টেম্বর

ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর

প্রাথমিক নিশ্চায়ন ফি: ৩৪০ টাকা

ভর্তি পরীক্ষা: নেই


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: