ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে। তবে কার্লোস নিজেই বিষয়টি অস্বীকার করার পর এবার এ গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তাঁর স্ত্রী ও মরক্কান বংশোদ্ভূত ফুটবল এজেন্ট সুহাইলা তাহিরি।
মরক্কোর সংবাদমাধ্যম হেস্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে সুহাইলা তাহিরি স্পষ্ট করে বলেন, রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত সব খবরকে তিনি অসত্য বলে দাবি করেন।
তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে ও দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যা ছড়িয়ে বেড়াচ্ছে, সব অসত্য।’
ধর্মীয় বিষয় নিয়ে যাচাই ছাড়া তথ্য ছড়ানো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কার্লোসের স্ত্রী। তাঁর ভাষ্য, ধর্ম মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয়। তাই কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই করা এবং প্রত্যেকের বিশ্বাস ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানো উচিত।
যেভাবে ছড়াল ধর্মান্তরের গুঞ্জন
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরের সূত্র হিসেবে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট সামনে আসে।
তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমও পরে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। একটি প্রতিবেদনে দাবি করা হয়, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী কার্লোস।
আলি শাহিন তাঁর পোস্টে দাবি করেন, সাও পাওলোতে শেখ জিহাদের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়েছিল। সেখানে শেখ জিহাদ তাঁকে জানান, ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেন।
তবে কার্লোসের স্ত্রী এই দাবিও সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
‘হাসপাতালে কোনো শেখ তাকে দেখতে যাননি’
কার্লোসের দুর্ঘটনায় আহত হওয়া এবং শেখ জিহাদ হামাদা হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন—এমন দাবিকেও মিথ্যা বলে উল্লেখ করেন সুহাইলা তাহিরি।
তিনি বলেন, জিহাদ নামের কোনো শেখ বা ধর্মীয় ব্যক্তি কার্লোসকে দেখতে হাসপাতালে যাননি এবং তাঁকে কোরআনের আয়াতও পড়ে শোনাননি। এমনকি ওই ব্যক্তিকে তাঁরা চেনেন না বলেও জানান তিনি।
কার্লোস ইসলাম বা কোরআন নিয়ে তাঁর সঙ্গে কোনো আলোচনা করেছেন কি না—এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তাহিরি বলেন, ভিন্ন সংস্কৃতি ও ধর্মের প্রতি শ্রদ্ধা থাকা স্বাভাবিক। তবে কোনো ধর্ম বা সংস্কৃতি নিয়ে আলোচনা করলেই কেউ সেই ধর্ম গ্রহণ করেছেন—এমনটা ধরে নেওয়া ঠিক নয়।
আগেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন কার্লোস
এর আগে সৌদি আরবের সংবাদমাধ্যম ওকাজকে দেওয়া সাক্ষাৎকারে ইসলাম গ্রহণের খবরকে ‘মিথ্যা’ বলে জানিয়েছিলেন রবার্তো কার্লোস নিজেই।
তিনি ইসলাম ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা থাকার কথা জানিয়ে বলেন, তাঁর স্ত্রীকে ইসলামের রীতি অনুযায়ী প্রার্থনা করতে দেখা তাঁর কাছে চমৎকার অভিজ্ঞতা। তবে তাঁর ইসলাম গ্রহণের বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, সেটি সত্য নয় বলে স্পষ্ট করেন এই বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি।