অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ঐতিহাসিক ৯ উইকেটের জয় বাংলাদেশের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তবে সেই জয়ের রেশ ধরে দ্বিতীয় টেস্টে নামার আগে ফলাফল নিয়ে আগেভাগে ভাবতে চান না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর লক্ষ্য, পাঁচ দিন ধরে সেশন ধরে ভালো ক্রিকেট খেলা।
শুক্রবার (২১ আগস্ট) দ্বিতীয় টেস্টপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন, এমন জয় অবশ্যই দলের আত্মবিশ্বাস বাড়ায়। প্রথম টেস্টের পর দুই দিনের অনুশীলনে খেলোয়াড়রা ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছেন এবং নিজেদের মানিয়ে নিয়েছেন।
তবে প্রথম টেস্টে ভালো করার পরও উন্নতির জায়গা রয়েছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। বিশেষ করে ক্যাচিংসহ ছোটখাটো বিষয়গুলো আরও ভালো করার ওপর জোর দিচ্ছেন তিনি।
শান্ত বলেন, পেশাদার ক্রিকেটে উন্নতির জায়গা সবসময় থাকে। প্রথম টেস্টে দল ভালো ক্রিকেট খেলেছে। কিছু ছোটখাটো জায়গা নিয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে। সেগুলো ঠিক করে দ্বিতীয় ম্যাচেও ভালো ক্রিকেট খেলতে চান তারা।
অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশের আরও বেশি টেস্ট খেলা প্রয়োজন বলেও মনে করেন শান্ত। তাঁর মতে, এমন কন্ডিশনে নিয়মিত খেললেই নিজেদের সামর্থ্য আরও ভালোভাবে তুলে ধরা সম্ভব। প্রথম টেস্টের জয়ও বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সামর্থ্যের একটি ইতিবাচক বার্তা দিয়েছে।
প্রথম টেস্টের জয়ের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশা বেড়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন শান্ত। তিনি দর্শকদের মাঠে এসে দলকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন।
তবে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের হিসাব এখনই মাথায় আনতে চান না বাংলাদেশ অধিনায়ক। তাঁর মতে, সামনে পাঁচ দিন ভালো ক্রিকেট খেলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শান্ত বলেন, আগে থেকেই ফলাফল নিয়ে চিন্তা করলে দলের জন্য বিষয়টি আরও কঠিন হয়ে যেতে পারে। বরং একেক দিন এবং একেক সেশনে কীভাবে ভালো ক্রিকেট খেলা যায়, সেটিই তাঁদের মূল লক্ষ্য। প্রক্রিয়া ঠিক থাকলে ফলাফলও নিজেদের পক্ষে আসবে বলে বিশ্বাস করেন তিনি।
দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। শনিবার (২২ আগস্ট) ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।