বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি এবার কলকাতার রাজপথে একটি মিছিলে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত ওই কর্মসূচিতে অন্যদের সঙ্গে স্লোগান দেওয়ার পাশাপাশি গানেও কণ্ঠ মেলাতে দেখা যায় তাকে।
ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ মিছিলের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত কর্মসূচিতে রাজনীতিক, নারী বিধায়ক, চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের তারকা এবং সাধারণ মানুষ অংশ নেন।
মিছিলে জয়া আহসানের সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেকে। এ সময় তাদের সম্মিলিতভাবে ‘কারার ঐ লৌহ কপাট’ গানেও কণ্ঠ মেলাতে দেখা যায়।
মিছিলের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জয়া আহসানের অংশগ্রহণ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ প্রশ্ন তোলেন, বাংলাদেশের নাগরিক হয়ে কলকাতার স্থানীয় একটি কর্মসূচিতে কেন অংশ নিয়েছেন এই অভিনেত্রী।
অন্যদিকে, আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য আরও নিরাপদ করার দাবিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। নারীর নিরাপত্তার মতো একটি গুরুত্বপূর্ণ সামাজিক দাবিতে রাজনৈতিক পরিচয়ের বাইরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়েছেন। তাঁদের সঙ্গে জয়া আহসানও সংহতি প্রকাশ করেছেন।
জয়া আহসানের অংশগ্রহণকে ইতিবাচকভাবেও দেখছেন অনেকে। নারীদের নিরাপত্তার দাবিতে অন্য তারকাদের সঙ্গে রাজপথে নেমে আওয়াজ তোলায় তার প্রশংসা করেছেন তারা। ফলে মিছিলে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার পাশাপাশি সমর্থনও পাচ্ছেন এই অভিনেত্রী।