অধিকার আদায়ের সংগ্রামে মির্জা ফখরুলের ভূমিকা অনন্য : মোস্তফা জামাল হায়দার

ভোরের ডাক রিপোর্ট

রাজনীতি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি (কাজী

2026-08-13T13:43:43+00:00
2026-08-13T13:43:43+00:00
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
রাজনীতি
অধিকার আদায়ের সংগ্রামে মির্জা ফখরুলের ভূমিকা অনন্য : মোস্তফা জামাল হায়দার
ভোরের ডাক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:৪৩ পিএম 
সংগৃহীত ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।

একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সজ্জন, অভিজ্ঞ, প্রাজ্ঞ ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মোস্তফা জামাল হায়দার বলেন, গত প্রায় ১৫ বছর বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নানা প্রতিকূলতা, মামলা-হামলা, রাজনৈতিক চাপ ও কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি রাজপথের আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। দলের মহাসচিব হিসেবে তিনি শুধু বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনাই করেননি, একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় এবং বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে যেমন একজন অভিজ্ঞ রাজনীতিবিদের দূরদর্শিতা রয়েছে, তেমনি রয়েছে একজন শিক্ষিত ও সংস্কৃতিমনা মানুষের মানবিক মূল্যবোধ। দেশের সংকটময় সময়ে তাঁর বক্তব্যে সব সময় গণতন্ত্র, আইনের শাসন, মানুষের অধিকার, সহনশীলতা ও জাতীয় ঐক্যের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথের ওপর আস্থা রেখেছেন।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, রাষ্ট্রপতি পদটি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলোর একটি। এই পদে এমন একজন ব্যক্তির প্রয়োজন, যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের সব নাগরিকের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালন করতে পারবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংবিধানিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা, শালীন রাজনৈতিক সংস্কৃতির প্রতি অঙ্গীকার এবং মানুষের প্রতি তাঁর গভীর মমত্ববোধ তাঁকে এই দায়িত্ব পালনের জন্য যোগ্য করে তুলেছে বলে তিনি মন্তব্য করেন।

মোস্তফা জামাল হায়দার বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। এ সিদ্ধান্তের জন্য তিনি তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।



Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: