সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে তার সব ধরনের অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তার মধ্যেই তিনি আদালতের মুখোমুখি হতে পারবেন। বিচারিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব অধিকারও তিনি ভোগ করবেন। আদালত শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই সবাইকে মেনে নিতে হবে।
তিনি বলেন, ‘তিনি যদি আসেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন। পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন। পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে, সেটা আমরা সবাই মেনে নেব।’
বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরও নাগরিক ও সাংবিধানিক অধিকার রয়েছে। সরকার এসব অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এ প্রসঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানের বিষয়টিও তুলে ধরেন তিনি। জাহেদ উর রহমান বলেন, সাকিব আল হাসান দেশে ফিরলেও তাকে নিরাপত্তা দেওয়া হবে এবং তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলাগুলো আইনগত প্রক্রিয়ায় মোকাবিলার সুযোগ থাকবে।
সাকিবের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, একজন ব্যক্তি ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু রাজনৈতিকভাবে তিনি শেখ হাসিনার সঙ্গে একাত্ম হয়েছেন, এটি তার কাছে গ্রহণযোগ্য নয়।
তবে রাজনৈতিক অবস্থান বা অভিযোগ যা-ই থাকুক, শেখ হাসিনা কিংবা সাকিব আল হাসান-যে কেউ দেশে ফিরে আইন ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলে তাদের নাগরিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।
তিনি আরও বলেন, বাংলাদেশে ভবিষ্যতে শেখ হাসিনার সরকারের মতো কোনো ‘মাফিয়া’ বা ‘ফ্যাসিস্ট’ শাসন ব্যবস্থা আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।