পাউরুটি তৈরিতে ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে এমন রাসায়নিক পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বাজারজাত করা পাউরুটির প্যাকেটে ‘পটাশিয়াম ব্রোমেট ব্যবহার হয়নি’ এমন ঘোষণা বাধ্যতামূলক করা হবে কি না, তা জানতে চেয়েছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রুলে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফেকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি, বিএসটিআই মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও কয়েকটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী জাহিদ তালুকদার।
আদেশের পর আইনজীবী সঞ্জয় মণ্ডল জানান, পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছিল। পাশাপাশি পাউরুটি বাজারজাতের সময় প্যাকেটে এ রাসায়নিক ব্যবহার করা হয়নি—এমন ঘোষণা বাধ্যতামূলক করার বিষয়েও নির্দেশনা চাওয়া হয়।
এর আগে গত ২৬ জুলাই মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের (এমএইচআরজিএফ) পক্ষে রিটটি দায়ের করেন সংগঠনটির চেয়ারম্যান কবীর আলমগীর।
রিট আবেদনে পাউরুটি ও বেকারি পণ্যে পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধের পাশাপাশি উৎপাদন ও বাজারজাতের সময় ব্যবহৃত উপকরণ সম্পর্কে ভোক্তাদের জানানো এবং প্যাকেটে প্রয়োজনীয় ঘোষণা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়।
রিটে আরও বলা হয়, দেশে খাদ্যে ভেজালের কারণে বিপুলসংখ্যক মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। অপরিকল্পিতভাবে ও যথাযথ আইন না মেনে বিভিন্ন স্থানে বেকারি পণ্য উৎপাদনের কারণেও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে।
আবেদনে ২০২১ সালের একটি পরীক্ষার তথ্যও তুলে ধরা হয়। ওই বছর ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ১৯টি পাউরুটির নমুনার মধ্যে ১৬টিতেই মাত্রাতিরিক্ত পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া যায় বলে রিটে উল্লেখ করা হয়েছে। এসব নমুনায় রাসায়নিকটির মাত্রা ছিল ৩ দশমিক ৩১ থেকে ১২ দশমিক ৯১ পিপিএম।
পরীক্ষার ফলাফলের পর ওই বছরই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রুটি, পাউরুটি ও বেকারি পণ্যে পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডেটের ব্যবহার বন্ধের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল। বিজ্ঞপ্তিতে বেকারি ও পাউরুটিজাতীয় খাদ্যে সংযোজক হিসেবে পটাশিয়াম ব্রোমেট (KBrO3) ও পটাশিয়াম আয়োডেট (KIO3) ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা জানানো হয়।
এখন হাইকোর্টের জারি করা রুলের মাধ্যমে পাউরুটিতে নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার ঠেকানো এবং ভোক্তাদের সচেতন করার বিষয়ে নতুন করে আইনি প্রক্রিয়া শুরু হলো।