জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে আসামি করা হয়েছে। একই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, শিক্ষক কে এম জামাল উদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ মোট আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেছেন। বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে। যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
এর আগে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
উল্লেখ্য, জুলাই আন্দোলন-সংক্রান্ত আরেক মামলার শুনানিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালের একটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল। প্রসিকিউশনের দাবি, ওই ফোনালাপে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল।