
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। একই দিনে দেশের সব শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশের কথা রয়েছে। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল জানতে পারবেন।
শনিবার (৯ আগস্ট) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
এবারের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যদিকে দাখিল ও এসএসসি ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন মোট ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষার জন্য ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেন।
ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন। এ ছাড়া যেকোনো মুঠোফোন অপারেটরের সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
এসএমএসে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, আবার স্পেস দিয়ে রোল নম্বর এবং সর্বশেষ স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের লিখতে হবে:
SSC DHA ROLL YEAR
মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের জন্য ফরম্যাট:
SSC MAD ROLL YEAR
আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের লিখতে হবে:
SSC TEC ROLL YEAR
এরপর ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি মেসেজে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।
এদিকে ফল প্রকাশকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রবেশ করায় সাময়িক ধীরগতির আশঙ্কা থাকে। এ কারণে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ রাখা হয়েছে।