দেশের চলচ্চিত্রের সার্টিফিকেশন কার্যক্রমকে আরও স্বচ্ছ, কার্যকর ও সময়োপযোগী করতে ১৫ সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নবগঠিত বোর্ডে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা, গীতিকার প্রিন্স মাহমুদ, সংগীতশিল্পী দিঠি আনোয়ার এবং চলচ্চিত্র গবেষক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাবেক সভাপতি আবদুর রহমান।
গত ২৯ জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বোর্ড পুনর্গঠনের বিষয়টি জানানো হয়। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী পুনর্গঠিত এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। আর বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নবগঠিত বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, চলচ্চিত্রের সার্টিফিকেশন প্রক্রিয়াকে আরও দক্ষ, স্বচ্ছ ও সমন্বিত করতে এই বোর্ড পুনর্গঠন করা হয়েছে। নতুন বোর্ডের মাধ্যমে সার্টিফিকেশন কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে।