ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। মঙ্গলবার (৪ আগস্ট) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারে ভুগছিলেন প্রদীপ রাওয়াত। তাঁর ম্যানেজার সিদ্ধার্থ তিওয়ারি জানান, এক মাসেরও বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেতা। তাঁর মৃত্যুতে বলিউডসহ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে হিন্দি, তামিল, তেলেগু, নেপালি ও অন্যান্য ভাষার শতাধিক সিনেমা এবং টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। ছোট পর্দায় বি. আর. চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক মহাভারত-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি।
পরবর্তীতে অগ্নিপথ, কয়লা, সরফরোশ ও মেজর সাবসহ একাধিক আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন। তবে ২০০১ সালের লগান সিনেমায় দেবা সিং সোধি এবং ২০০৮ সালে আমির খান অভিনীত গজনি ছবিতে নির্মম খলনায়কের ভূমিকায় অভিনয় তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এর আগে ২০০৫ সালে সূর্য অভিনীত তামিল গজনি ছবিতেও একই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
অভিনয়ের শক্তিশালী উপস্থিতি ও স্মরণীয় খলচরিত্রের জন্য প্রদীপ রাওয়াত ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।