নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বিভিন্ন মহলে একাধিক নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বিএনপির তিন জ্যেষ্ঠ নেতার নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। তবে দলীয়ভাবে এখনো কোনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
দলীয় সূত্রগুলোর দাবি, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আবদুল মঈন খান এবং দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১ আগস্ট) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ উঠতে পারে বলে জানা গেলেও বিষয়টি আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে থাকবে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। রাজনৈতিক সূত্রগুলোর মতে, চূড়ান্ত সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্বের ওপরই ছেড়ে দেওয়া হতে পারে।
সংশ্লিষ্টদের ভাষ্য, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে শুধু দলীয় পরিচয় নয়, সাংবিধানিক অভিজ্ঞতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, কূটনৈতিক দক্ষতা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং বিতর্কমুক্ত ভাবমূর্তির মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা উচিত, যিনি অভিজ্ঞ, গ্রহণযোগ্য, দুর্নীতির অভিযোগমুক্ত এবং সাংবিধানিক দায়িত্ব পালনে সক্ষম। তবে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা এবং দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।