সম্পর্ক শেষ হয়ে গেছে অনেক আগেই। তবুও মাঝেমধ্যে হঠাৎ করেই প্রাক্তনের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুঁ মেরে আসেন অনেকেই। নতুন সম্পর্ক হয়েছে কি না, কেমন আছেন বা কী করছেন—এসব জানতে আগ্রহ থেকেই শুরু হয় সোশ্যাল মিডিয়ায় নীরব অনুসন্ধান। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে মানসিক অস্থিরতা বাড়াতে পারে।
সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, বিচ্ছেদের পর অনেকেই জানতে চান প্রাক্তন সঙ্গী তাকে নিয়ে কিছু পোস্ট করেছেন কি না বা বিচ্ছেদের পর কে বেশি ভালো আছেন। এ কৌতূহল থেকেই অনেক সময় তারা ফেসবুক, ইনস্টাগ্রাম এমনকি অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রাক্তনের কর্মকাণ্ড অনুসরণ করেন। তবে সোশ্যাল মিডিয়ায় দেখা ছবির সঙ্গে বাস্তব জীবনের মানসিক অবস্থার মিল নাও থাকতে পারে।
থেরাপিস্টদের ভাষ্য, প্রাক্তনের প্রোফাইল দেখা অনেক সময় হারিয়ে যাওয়া সম্পর্কের সঙ্গে এক ধরনের মানসিক সংযোগ ধরে রাখার চেষ্টা। একাকীত্ব, স্মৃতিকাতরতা কিংবা অবসর সময়ও এই প্রবণতা বাড়িয়ে দিতে পারে। তাই নিজের কাছে প্রশ্ন করা জরুরি—কেন এখন প্রাক্তনের খবর জানতে ইচ্ছা করছে?
এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে বিশেষজ্ঞরা কয়েকটি সহজ উপায় অনুসরণের পরামর্শ দিয়েছেন। প্রয়োজন হলে প্রাক্তনকে আনফলো, মিউট বা ব্লক করা যেতে পারে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় সীমিত রাখা এবং মন অন্য কাজে ব্যস্ত রাখাও কার্যকর হতে পারে।
এ ছাড়া তারা ‘ফোর-ডি’ কৌশল অনুসরণের পরামর্শ দিয়েছেন। অর্থাৎ, প্রোফাইল দেখার ইচ্ছা কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়া (Delay), গভীর শ্বাস নেওয়া (Deep Breath), পানি পান করা (Drink Water) এবং হাঁটা, বই পড়া বা অন্য কোনো কাজে মনোযোগ সরিয়ে নেওয়া (Distract)।
বিশেষজ্ঞরা আরও বলেন, প্রাক্তনের কোনো পোস্ট বা ছবি দেখে যদি হিংসা, রাগ বা অস্বস্তি তৈরি হয়, তাহলে সেটি ইঙ্গিত দেয় যে মানসিকভাবে এখনও পুরোপুরি এগিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই নিজের মানসিক সুস্থতার জন্য প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।