দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও কোচিংয়ে ফিরছেন ফ্রান্সের ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান। এবার ক্লাব নয়, নিজের দেশের জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই তারকা। কিলিয়ান এমবাপ্পেদের নতুন কোচ হিসেবে আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জিদানের নাম ঘোষণা করবে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
দিদিয়ের দেশমের ১৪ বছরের সফল অধ্যায়ের পর ফ্রান্সের নতুন কোচ হিসেবে জিদানকেই বেছে নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই দেশটির ফুটবল মহলে গুঞ্জন ছিল, দেশমের উত্তরসূরি হিসেবে সবচেয়ে বড় দাবিদার সাবেক রিয়াল মাদ্রিদ কোচ। এবার সেই অপেক্ষারই অবসান ঘটতে যাচ্ছে।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দুই মেয়াদে অসাধারণ সাফল্য পেয়েছেন জিদান। তার অধীনে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের ইতিহাস গড়ে স্প্যানিশ ক্লাবটি। এবার জাতীয় দলের ডাগআউটে সেই সাফল্যের ধারা ধরে রাখাই হবে তার বড় চ্যালেঞ্জ।
ফ্রান্সের দায়িত্ব নিয়ে জিদানের প্রথম বড় পরীক্ষা হবে ২০২৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে। এর আগে তিনি দলকে নতুনভাবে সাজানোর সুযোগ পাবেন এবং এমবাপ্পের মতো বর্তমান প্রজন্মের তারকাদের নেতৃত্ব দেবেন।
সবচেয়ে আলোচিত বিষয় হলো, এবারই প্রথম এমবাপ্পের কোচ হতে যাচ্ছেন জিদান। রিয়াল মাদ্রিদে একই ছাদের নিচে দুজনকে দেখা যাওয়ার স্বপ্ন পূরণ না হলেও ফ্রান্স জাতীয় দলে তৈরি হচ্ছে নতুন এক জুটি।
খেলোয়াড় হিসেবে বিশ্বকাপজয়ী এবং কোচ হিসেবে ইউরোপ সেরা জিদান এবার নতুন পরিচয়ে ফিরছেন ফরাসি ফুটবলে। মঙ্গলবারের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে তার কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায়।