ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে, নেওয়া হলো ২ দিনের রিমান্ডে

ভোরের ডাক ডেস্ক

আইন-আদালত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আলোচিত ব্যক্তি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন

2026-07-23T17:29:57+00:00
2026-07-23T17:29:57+00:00
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
আইন-আদালত
ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে, নেওয়া হলো ২ দিনের রিমান্ডে
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:২৯ পিএম 
সংগৃহীত ছবি
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আলোচিত ব্যক্তি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

শুনানি শেষে ট্রাইব্যুনাল মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি তদন্ত সংস্থাকে পরপর দুই দিন অথবা সুবিধামতো আলাদা দুই দিনে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। একই সঙ্গে তাকে সেনা হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বর্তমানে একই মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে রয়েছেন। চলতি বছরের ২৩ মার্চ তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। প্রথমে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের মামলায় রিমান্ডে নেওয়া হলেও পরে মে মাসে ফেনীতে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

এদিকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, মাসুদ উদ্দিন চৌধুরীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে ‘ঝন্ডু’ নামে এক ব্যক্তির সন্ধান পাওয়া যায়। পরে তদন্তে নিশ্চিত হওয়া যায়, ওই ব্যক্তি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ঘটনায় মাসুদ উদ্দিন চৌধুরী ও মোজাফফরের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছিল। তদন্তে এমন তথ্যও পাওয়া গেছে যে, মোজাফফর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার পার্শ্ববর্তী দেশে যাতায়াত করেছেন এবং আত্মগোপনে থেকে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তারের প্রক্রিয়া ব্যাখ্যা করে প্রধান কৌঁসুলি বলেন, ট্রাইব্যুনালে সরাসরি কাউকে নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর বিধান নেই। এ জন্য প্রথমে একটি বিবিধ মামলা (মিসকেস) করা হয় এবং জিজ্ঞাসাবাদের অনুমতি নেওয়া হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরে তাকে বিচারের মুখোমুখি করা হবে।

বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেলের কার্যালয় থেকে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই দিন এ মামলার অপর আসামি মাসুদ উদ্দিন চৌধুরীকেও আদালতে আনা হয়।

প্রধান কৌঁসুলি জানান, বর্তমানে মোজাফফর হোসেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন এবং সেনা আইনে তার বিরুদ্ধে পৃথক একটি কার্যক্রম চলমান। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবারও সেনা হেফাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে সামরিক অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন তৎকালীন মেজর মোজাফফর হোসেন। সে সময় তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। ওই হত্যা মামলার এজাহারে তিনি ৬ নম্বর আসামি ছিলেন। তবে ২০০১ সালে সিআইডি মামলার রহস্য উদঘাটনে ব্যর্থতার কথা জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।


  বিষয়:   মোজাফফর হোসেন  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল  মানবতাবিরোধী অপরাধ  রিমান্ড 


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: