হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (২১ জুলাই) দুপুরে হবিগঞ্জে র্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার সকালে বাহুবল উপজেলার চেরাগআলী ফিলিং স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের মূল হোতা লাল মিয়া (৩৯)-কে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, এর আগে গত ১৮ জুলাই মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে ১৯ জুলাই নবীগঞ্জ উপজেলার আউশকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ডিআই (DI) পিকআপ জব্দ করা হয় এবং আরও চার সদস্যকে আটক করা হয়। তবে ওই সময় দলের প্রধান লাল মিয়া মোটরসাইকেলে পালিয়ে যেতে সক্ষম হন। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের তথ্যমতে, গ্রেপ্তার লাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা, ৭টি চুরি ও দস্যুতার মামলা ছাড়াও একাধিক মারামারি ও মাদক মামলা রয়েছে। এছাড়া হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলার তিনি আসামি। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
র্যাব-৯ আরও জানায়, হবিগঞ্জসহ সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ডাকাতি ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।