২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কুড়িগ্রামে অনন্য নজির গড়েছে একই পরিবারের তিন যমজ বোন। তারা তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং পুরো জেলায় আনন্দের আবহ সৃষ্টি করেছে।
বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলেন তাহিয়া রহমান, তাকিয়া রহমান ও তাবিয়া রহমান। তারা কুড়িগ্রাম জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আক্তারের কন্যা।
জানা গেছে, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। তাদের বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের টেক্সটাইল মোড় এলাকায়।
তিন বোন জানায়, ছোটবেলা থেকেই বাবা-মায়ের উৎসাহ ও নিয়মিত দিকনির্দেশনা, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং নিজেদের কঠোর পরিশ্রমের ফলেই তারা এই সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতেও ভালো ফল করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা প্রকাশ করে তারা সবার কাছে দোয়া চেয়েছে।
তাদের বাবা অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক বলেন, তিন মেয়ের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন তার পরিবারের জন্য গর্বের বিষয়। তিনি এ সাফল্যের কৃতিত্ব মূলত তাদের মায়ের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের পাশাপাশি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাকে দিয়েছেন।
কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. গোলেনুর বেগম বলেন, একই পরিবারের তিন যমজ বোনের মধ্যে তাদের বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন অত্যন্ত গর্বের বিষয়। এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অধ্যবসায় ও মেধা বিকাশে অনুপ্রাণিত করবে।
স্থানীয় শিক্ষাবিদদের মতে, একই পরিবারের তিন যমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের ঘটনা কুড়িগ্রামের শিক্ষা অঙ্গনে বিরল দৃষ্টান্ত। তাদের এই অর্জন জেলার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।