প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টের কার্যক্রম আধাবেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, জমির উদ্দিন সরকারের প্রয়াণে রোববার আপিল বিভাগের কার্যক্রম বেলা ১১টায় এবং হাইকোর্ট বিভাগের কার্যক্রম দুপুর ১টায় শেষ হবে। এ ছাড়া এদিন চেম্বার জজ আদালতের সব কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।
রোববার (১২ জুলাই) ভোরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি। পরে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল সনদ লাভ করেন।
১৯৬০ সালে দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন জমির উদ্দিন সরকার। দীর্ঘ কর্মজীবনে তিনি সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের বিশেষজ্ঞ আইনজীবী হিসেবে পরিচিতি পান।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী থাকাকালে জাতীয় সংসদ ভবনের অসমাপ্ত কাজ শেষ হয়। পরে আবদুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
বিএনপি ক্ষমতায় ফেরার পর খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারে প্রথমে ভূমি প্রতিমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর দায়িত্ব পান জমির উদ্দিন সরকার। ১৯৯৬ সালের স্বল্পকালীন বিএনপি সরকারে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।
২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে অষ্টম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।